দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড ক্রিকেট দল (new zealand cricket team) নিরাপত্তার ইস্যু তুলে বিগত ১৮ বছরে প্রথম সফর বাতিল করে দেশে ফিরে যাওয়ায় ফুঁসছে পাকিস্তান (angry pakistan)। নিউজিল্যান্ডের পর আগামী মাসে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় কার্যতঃ একঘরে (isolated) করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)। পাকিস্তানের যাবতীয় রাগ এবার পড়েছে ভারতের ওপর। তারা নিউজিল্যান্ড সফর বাতিল করায় ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে দাবি করেছে, কিউইদের ভয় দেখিয়ে ইমেল (threat email) পাঠানো হয়েছে ভারত থেকেই। তাই তারা সফর বাতিল করেছে।
সাংবাদিক সম্মেলনে অভ্যন্তরীণমন্ত্রী শেখ রশিদ আহমেদকে পাশে বসিয়ে পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি (pak ministers) বিস্ফোরক দাবি করেন, গত আগস্টে তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গি এহসানুল্লাহ এহসানের নামে ভুয়ো পোস্ট তৈরি করা হয়। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও সরকারকে বলা হয়, পাকিস্তানে তারা যেন টিম পাঠানো থেকে বিরত থাকে, কারণ তাদের টার্গেট করা হবে। তা সত্ত্বেও নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তানে আসে। কিন্তু প্রথম ম্যাচের দিনই নিউজিল্যান্ড কর্মকর্তারা জানান, তাঁদের সরকারের কাছে বিশ্বাসযোগ্য সূত্রে বিপদের খবর রয়েছে, সফর বাতিল করা হয়েছে।
ডন নিউজ ফাওয়াদকে উদ্ধৃত করে বলেছে, পাক ক্রিকেট বোর্ড কর্তারা, অভ্যন্তরীণ মন্ত্রকের নিরাপত্তা টিম, প্রত্যেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে বিপদের তথ্য শেয়ার করতে বলেন। কিন্তু আমাদের মতোই ওঁদের কাছেও কোনও ক্লু ছিল না। ফাওয়াদ জানান, এর একদিন পর দ্বিতীয় ভয় দেখানো একটি ইমেল পাঠানো হয় নিউজিল্যান্ড টিমকে হামজা আফ্রিদি আইডি ব্যবহার করে। ফাওয়াদের দাবি, তদন্তকারীরা খোঁজখবর করে দেখেন, ভারতের যোগসূত্র থাকা কোনও ডিভাইস থেকে ওই ইমেল পাঠানো হয়েছে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কাজে লাগিয়ে ইমেল পাঠানো হয়, তাই লোকেশন দেখায় সিঙ্গাপুর। একই ডিভাইসের আরও ১৩টি আইডি ছিল, প্রায় সবগুলিরই ভারতীয় নাম। নিউজিল্যান্ড টিমকে হুমকি দিতে ব্যবহার করা ডিভাইসটি ভারতের। একটি ভুয়ো আইডি ব্যবহার করা হয়, কিন্তু সেটি পাঠানো হয় মহারাষ্ট্র থেকে।
তিনি জানান, পাক অভ্যন্তরীণ মন্ত্রক ইতিমধ্যেই মামলা দায়ের করে ইন্টারপোলের সহায়তা চেয়েছে, তেহরিক-ই-লাব্বাইক প্রোটোনমেল ও হামজা আফ্রিদির আইডি সম্পর্কেও তথ্য চেয়েছে।
ফাওয়াদ জানান, ডিসেম্বরে পাক সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ টিমের, কিন্তু ইতিমধ্যেই তাদের হুমকি দেওয়া হয়েছে, একটি প্রোটোনমেল অ্যাকাউন্ট থেকেই।
এটা দুর্ভাগ্যজনক, আন্তর্জাতিক ক্রিকেটের বিরুদ্ধে চক্রান্ত, আইসিসি ও অন্য বোর্ডগুলির এটা মাথায় রাখুক, বলেন ফাওয়াদ।
তাঁর দেশ নিজেদের মাটিতে আমেরিকার সামরিক ঘাঁটি গড়ার প্রস্তাবে রাজি না হওয়ার মূল্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের দাবি, সম্প্রতি তাদের মাটিতে ঘটে যাওয়া কয়েকটি সন্ত্রাসবাদী হামলায় ভারতের হাত আছে। যদিও ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এহেন দাবি সম্পূর্ণ অসার বলে জানিয়েছেন। বলেছেন, পাকিস্তানের এমন ভিত্তিহীন প্রোপাগান্ডায় জড়ানো নতুন নয়। পাকিস্তান বরং নিজের ঘর ঠিক করুক, তাদের মাটি থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ ও নিরাপদ আশ্রয় পাওয়া জঙ্গিদের বিরুদ্ধে কার্যকরী, বিশ্বাসযোগ্য ব্যবস্থা নিক।