
মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রসূন।
শেষ আপডেট: 6 June 2024 20:14
দ্য ওয়াল ব্যুরো: টানা চারবার হাওড়ার সাংসদ হিসেবে নির্বাচিত হলেন নামী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। জিতে উঠে প্রসূন বলেছেন তাঁর আগামীদিনের পরিকল্পনার কথা।
হাওড়া লোকসভা কেন্দ্রের টিকিট নিয়ে কম টানাপোড়েন হয়নি তৃণমূলে। একটা সময় শোনা যায়, মুখ্যমন্ত্রীর ছোট ভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে চেয়েছিলেন এই কেন্দ্রে। কিন্তু তাঁর প্রস্তাব নাকচ করে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় বাবুন দলের মধ্যে থেকে বিদ্রোহ ঘোষণা করতে মমতা ওই ভাইকে ত্যাজ্য বলে জানিয়েছিলেন।
তারপর প্রসূনকেই টিকিট দেন মুখ্যমন্ত্রী। তিনি এবারও জিতে দলের মুখ রেখেছেন। জয়ের পরে প্রচারমাধ্যমকে দেশের নামী প্রাক্তন তারকা বলেন, ‘‘আমার এবারের টিকিট পাওয়া সহজে আসেনি, অনেক সমস্যা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর মুখ রাখতে পেরে ভাল লাগছে।’’
পাশাপাশি তিনি আগামী পরিকল্পনার কথাও বলেছেন। প্রসূন বলেন, আমি হাওড়ার দাশনগরে একটি আন্তর্জাতিক মানের ফুটবল অ্যাকাডেমি গড়ব। যার নাম দেব, পিকে (প্রদীপ বন্দ্যোপাধ্যায়) ও প্রসূন ফুটবল স্কুল। ওই অ্যাকাডেমিতে হাওড়া জেলার প্রতিটি স্কুল থেকে তিনজন খুদে ফুটবলার বাছাই করে ভর্তি করা হবে। আগামী দিনের ফুটবল সাপ্লাইলাইন তৈরিতে সহায়তা করবে ওই স্কুল। অ্যাকাডেমি আবাসিক হবে। বিশ্বমানের ট্রেনিং পদ্ধতি রাখা হবে।
ফুটবলের নানা ভাবনা ছাড়াও বাকসাড়া রেল ক্রসিংয়ে আন্ডারপাস করার পরিকল্পনাও নেওয়া হবে। প্রসূন বলেছেন, ওই ক্রসিংয়ে অ্যাম্বুলেন্স আটকে যায়। রোগীদের বহু অসুবিধে হয়ে থাকে। ওটিও আমি করব সাংসদ তহবিল থেকে। হাওড়ার বন্ধ হয়ে যাওয়া কারখানা খুলে কর্মসংস্থান তৈরির চেষ্টাও করবেন সাংসদ ফুটবলার।