
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার অময় খুরেশিয়া
শেষ আপডেট: 15 March 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলে এমন অনেক খেলোয়াড় রয়েছেন, যাঁরা রকেট গতিতে হয়ত জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। কিন্তু, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পর কেউ আর তাঁদের কথা মনে রাখেনি। তেমনই একজন ক্রিকেটার হলেন অময় রামসেবক খুরেশিয়া। নামটা চেনা চেনা লাগছে। একটা সময় তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় দলে ওপেন করতেন। কিন্তু, বর্তমান প্রজন্মের অনেকেই হয়ত তাঁর নাম পর্যন্ত শোনেননি। হারিয়ে গিয়েছেন বিস্মৃতির অতলে। এখন কী করেন অময়? আসুন, সেটা নিয়েই আলোচনা করা যাক।
অময় খুরেশিয়া। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন বাঁ-হাতি ব্যাটার মধ্যপ্রদেশ থেকে উঠে এসেছিলেন। ঝড়ের গতিতে রান করার জন্য একটা সময় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। সত্যি কথা বলতে কী, অময় নিজের কেরিয়ার একেবারে ধামাকাদার শুরু করেছিলেন। ১৯৯৯ সালে আয়োজিত পেপসি কাপে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্রুত হাফসেঞ্চুরি করে প্রচারের যাবতীয় আলো কেড়ে নেন। কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে অময় খুব বেশিদিন রাজত্ব করতে পারেননি। ইংল্যান্ডে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে তাঁকে রাখা হলেও, খেলার সুযোগ পাননি খুরেশিয়া।
এরপর শ্রীলঙ্কায় আয়োজিত আইওয়া কাপে তিন ম্য়াচের সিরিজ এবং সিঙ্গাপুরে আয়োজিত কোকা-কোলা চ্যালেঞ্জারের দুটো ম্য়াচ মিলিয়ে তিনি মাত্র ৬৬ রানই করেছিলেন। ২২ গজের লড়াইয়ে ব্যাটিং ধারাবাহিকতার অভাবই অময়ের সামনে রাস্তা কার্যত বন্ধ করে দিয়েছিল। তবে অফ-স্টাম্পের বাইরে যদি সামান্য জায়গা পেতেন, তাহলে সেই বলের ঠিকানা অবধারিতভাবে বাউন্ডারির বাইরেই হত। যাইহোক, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এই আসা এবং যাওয়ার মাঝখানে তাঁর কেরিয়ার ক্রমশ বিবর্ণ হতে শুরু করেছিল।
সময়টা ছিল ২০০১ সালের মাঝামাঝি। শ্রীলঙ্কায় আয়োজিত কোকা-কোলা কাপের ঠিক আগেই পায়ের পাতায় চোট পেলেন সচিন তেন্ডুলকর। আর এই চোটই অময়কে নিজের কেরিয়ার সাজানোর আরও একটা সুযোগ করে দিয়েছিল। স্ট্যান্ডবাই ওপেনার হিসেবে টিম ইন্ডিয়ায় ডাক পেয়েছিলেন তিনি। চাপের মুখে বেশ কয়েকটা বড় রানের ইনিংস তিনি টিম ইন্ডিয়াকে উপহার দেন। তারপর টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে একটা জায়গা মোটামুটি পাকা হয়েছিল খুরেশিয়ার।
অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে তাঁর ব্যাট থেকে রানের বন্যা দেখা যাচ্ছে। নয়ের দশকে মধ্যপ্রদেশ রনজি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি মোট ৫,৭০০-র বেশি রান করেন। ব্যক্তিগত সর্বাধিক স্কোর ছিল ২৩৮। তিনবার এক মরশুমে তিনি ৫০০-র বেশি রান করেছিলেন। ১৯৯০-৯১ মরশুমে ১১ ইনিংসে করেন ৫৮৪ রান। পরের মরশুমে ১০ ইনিংসে তিনি ৫৪৮ রান করেন। ২০০০-০১ মরশুমে আরও একবার খুরেশিয়া সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট তিনি ৭১১ রান করেছিলেন। অবশেষে ২০০৭ সালের এপ্রিল মাসে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি। অবসর গ্রহণের পর বেশ কয়েকবছর তাঁকে টেলিভিশন কমেন্ট্রি করতে দেখা গিয়েছিল।
প্রশ্নটা হল, এখন কী করছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার? বর্তমানে অময় খুরেশিয়া ক্রিকেট দলকে কোচিং করান। ক্রিকেটার হিসেবে সাফল্য পাওয়ার পাশাপাশি তাঁর কোচিং কেরিয়ারও যথেষ্ট নজরকাড়া। এতদিন কেউ যা পারেনি, সেটাই তিনি করে দেখিয়েছেন। রনজি ট্রফি ফাইনালে তুলে নিয়ে গিয়েছেন কেরালা ক্রিকেট দলকে। আশা করা যায়, অময়ের কোচিংয়ে আগামীদিনে টিম ইন্ডিয়া আরও সমৃদ্ধ হবে।