
শেষ আপডেট: 11 April 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো: আরব সাগরের তীরেই নেতৃত্বের পরীক্ষা হতে চলেছে হার্দিক পান্ডিয়ার। গত তিনটি ম্যাচ হারের কারণে চাপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। আবারও হারলে সব দোষ অধিনায়কের ঘাড়ে পড়বে।
এমনিতেই হার্দিক ও রোহিত শর্মার মধ্যে শিবিরে ছায়াযুদ্ধ শুরু হয়েছে। দুটি গ্রুপে ভাগ হয়ে গিয়েছে দলে। একটি দল, রোহিতের পক্ষে কথা বলছে। তারা মনে করছে, রোহিত দলের দায়িত্ব নিলে সবকিছু আগেরমতো হয়ে যাবে। আর হার্দিকের পক্ষে মুষ্টিমেয় কিছু ক্রিকেটার থাকলেও তাঁরাও ভাল পারফরম্যান্স করতে পারছেন না। তাই তাঁরাও হার্দিকের হয়ে বলার মতো অবস্থায় নেই।
এই অবস্থায় রোহিতকে আবারও দলের অধিনায়ক করে দিয়ে বিতর্কের অবসান চাইছেন দলের মালিক আকাশ আম্বানি। আইপিএলের ম্যাচের মধ্যে প্রায়ই দেখা গিয়েছে আকাশের সঙ্গে কথা হচ্ছে হার্দিক ও পান্ডিয়ার। মুম্বই ফ্রাঞ্চাইজির আধিকারিকরা ভেবেছিলেন, হার্দিকের মতো তরুণ নেতার হাতে দায়িত্ব দিয়ে আগামী দিনের জন্য দলগঠন প্রক্রিয়া সম্পূর্ণ করা। কিন্তু গুজরাত থেকে নিয়ে এসে হার্দিককে দলের নেতা করে দিতে শিবিরের অবস্থা হিতে বিপরীত হয়েছে।
তারমধ্যে বুধবার বিকেলে অনুশীলনের পরে দেখা গিয়েছে, আকাশের গাড়ি করে মাঠ ছাড়ছেন রোহিত। তাঁর সঙ্গে বিশেষ আলোচনা করার জন্যই যে তাঁকে দলের মালিক গাড়িতে তুলে নিয়েছেন, সেটি মনে করছেন অনেকেই। হার্দিক বৃহস্পতিবারের ম্যাচে হারলে তিনি দলের অধিনায়ক থাকবেন কিনা, সেই নিয়ে বড় প্রশ্নচিহ্ন থেকে গিয়েছে।
সবথেকে বড় সমস্যা হয়েছে, রোহিত এই মুহূর্তে ভারতীয় দলের ওয়ান ডে এবং টি ২০ অধিনায়ক রয়েছেন। তার আগেই নেতার পদ থেকে সরিয়ে দিয়েছে ফ্রাঞ্চাইজি। এতে করে আরও ধর্মসঙ্কটে পড়ে গিয়েছে ফ্রাঞ্চাইজি কর্তারা। যেখানে বোর্ডের নির্বাচকরা রোহিতের প্রতি আস্থা রেখেছেন, সেখানে আচমকা মুম্বইয়ের অধিনায়ক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া মানতে নারাজ শিবিরের বেশিরভাগ সদস্য।