
ইগর স্টিম্যাচ
শেষ আপডেট: 17 June 2024 20:59
দ্য ওয়াল ব্যুরো: ভারতের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিদেশি কোচ ইগর স্টিম্যাচকে। তিনি ভারতীয় দলের কোচ হন ২০১৯ সালে। তারপর গত পাঁচ বছরে তিনি ভারতীয় দলের কোনও উন্নতি করতে পারেননি। তাই সোমবার সন্ধ্যায় তাঁকে সরিয়ে দিয়েছে ফেডারেশন কর্তারা।
এদিন এক ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে ইগরকে সরিয়ে দিয়েছেন কর্তারা। ভারতকে বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে তুলতে পারেননি এই ক্রোট কোচ। তিনি নিজেই বলেছিলেন যে, ভারতকে তৃতীয় রাউন্ডে তুলতে না পারলে নিজেই সরে যাবেন কিন্তু তিনি নিজেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। বিপুল ক্ষতিপূরণের কথা ভেবেও ইগরকে সরানো হল ফেডারেশনের তরফ থেকে।
ইগরের সঙ্গে ফেডারেশনের চুক্তি ছিল আগামী সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু তার আগেই তাঁকে সরিয়ে দিলেন কর্তারা।
ভারতের এই বিদেশি কোচ সবদিক থেকে ব্যর্থ। তিনি মাসে ২২ লাখ টাকা বেতন পেতেন। তিনি ভারতকে জিতিয়েছেন আন্ত মহাদেশীয় কাপ, সাফ কাপের মতো মামুলি টুর্নামেন্ট। কোনও আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারেননি। তাঁর আমলে ভারত ফিফা ক্রম তালিকায় শুধুই পিছিয়েছে।