
শেষ আপডেট: 6 February 2024 20:43
দ্য ওয়াল ব্যুরো: সুপার কাপ হবে সামনের মরশুম থেকে সাত মাস ধরে। এবার যে টুর্নামেন্ট হয়েছিল এক মাস ধরে ভুবনেশ্বরে। সেই আসরের গুরুত্ব বাড়ানো হচ্ছে। এটি চলবে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত।
এই সুপার কাপ জিতেই ইস্টবেঙ্গল ১২ বছর পরে সর্বভারতীয় ট্রফির খরা মেটাল। সুপার কাপের পরে স্বপ্ন দেখতে শুরু করেছেন লাল হলুদ সমর্থকরা। এবার সুপার কাপে টানা ভাল খেলেছে কার্লোস কুয়াদ্রাতের লাল হলুদ দল। তারা ডার্বিতে হারিয়েছে মোহনবাগানকে। ফাইনালে ওড়িশা এফসিকে হারিয়েছে পিছিয়ে থেকেও। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ক্লেটন সিলভা।
ফেডারেশনের বৈঠকের পরে সিদ্ধান্ত নিয়েছে, সুপার কাপ হবে চলতি বছরের অক্টোবর থেকে শুরু করে পরের বছর ১৫ মে পর্যন্ত। এর মধ্যে চলবে আইএসএল, আই লিগও।
ইংল্যান্ডে এফএ সুপার কাপ হয় দশটি ডিভিশনের সেরা দলগুলিকে নিয়ে। সুপার কাপে ভারতেও এবার খেলেছিল ১৬টি দল, আই লিগে খেলা দলগুলি সরাসরি যোগ্যতা পেয়েছিল। সামনের বার থেকে চিন্তা করা হচ্ছে দেশের ঘরোয়া লিগে খেলা দলগুলিকেও মূলপর্বে খেলানো যায় কিনা। সেক্ষেত্রে ভবানীপুর, রেনবো কিংবা ইউনাইটেড ক্লাবগুলির দরজাও খুলে যাবে। এবার তো আই লিগে খেলার জন্য মহামেডানও খেলতে পারেনি। সামনের বার সুপার কাপের ম্যাচের সময় বাকি টুর্নামেন্টের ম্যাচ বন্ধ থাকবে।