
শেষ আপডেট: 16 August 2022 06:00
দ্য ওয়াল ব্যুরো: ঐতিহাসিক বিপর্যয়ের মুখোমুখি ভারতের ফুটবল প্রশাসন (AIFF)। সোম ও মঙ্গলবারের মাঝের রাতে সদর দফতর জুরিখ থেকে ভারতকে সমস্ত ধরনের ফুটবল থেকে নির্বাসিত করার মেল পাঠিয়েছিল ফিফা (FIFA)। স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের পর ভারতের ফুটবলপ্রেমীদের এমন বিষ পান করতে হবে কে ভেবেছিল! যত সময় এগোচ্ছে তত এই নির্বাসনের পার্শ্বপ্রতিক্রিয়া সামনে আসছে। যা ভয়াবহ বললেও কম বলা হবে।
ফিফার নির্বাসনের কবলে পড়ে মেয়েদের বিশ্বকাপে ভারতের অনিশ্চিত হওয়ার বিষয়টি আগেই আন্দাজ করা গিয়েছিল। কিন্তু এখন আরও জানা যাচ্ছে, তা ছাড়াও মোহনবাগান (ATK Mohun Bangan) এএফসি লিগে খেলতে পারবে না। ভারতের কোনও ক্লাব যাতে ফিফা অনুমোদিত টুর্নামেন্টে না অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা পাকা করে রেখেছে জুরিখ।
এ ব্যাপারে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, "আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আজ বিকেলেই ক্লাবে জরুরি ভিত্তিতে এক্সিকিউটিভ কমিটির বৈঠক হতে পারে। আমরা ফেডারেশনকে বলব, কেন আপনাদের জন্য আমাদের ভুগতে হবে?"
শুধু কি তাই! আইএসএল থেকে আইলিগ-- কোনও টুর্নামেন্টের জন্যই ভারতের কোনও ক্লাব বিদেশি ফুটবলার সই করাতে পারবে না।
এখন প্রশ্ন হল, মোহনবাগানে বিদেশি সই হয়ে গিয়েছে। পরে দল গঠনে হাত দিয়ে কয়েকদিন আগে ইস্টবেঙ্গলও (East Bengal) এক রাতে পাঁচ বিদেশিকে সই করিয়েছিল। ফিফা বলে দিয়েছে, কোনও বিদেশি ফুটবলার যাতে ভারতের কোনও ক্লাবে সই না করেন। করলে তাঁর কেরিয়ার নিয়ে টানাটানি হবে। যাঁরা সই করে ফেলেছেন তাঁরাও অন্য দেশে খেলতে পারবেন না বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। শুধু মোহনবাগান, ইস্টবেঙ্গল না, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কেরল, জামশেদপুর-- সবার ক্ষেত্রে প্রযোজ্য।
পর্যবেক্ষকদের মতে, আজকের এই পরিস্থিতির জন্য ভারতীয় ফুটবল প্রশাসনের অপদার্থতা যে রয়েছে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু ফিফাও কোথাও যেন স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে।
আরও পড়ুন: বিকেলে যুবভারতীতে ডুরান্ডের উদ্বোধনে মমতা, নামছে চাঙ্গা মহামেডান, জার্সিতেও নয়া চমক