
শেষ আপডেট: 5 October 2023 20:36
দ্য ওয়াল ব্যুরো: ভারতের কোচের পদে ইগর স্টিম্যাশের চুক্তি বাড়ল আরও দু’বছরের জন্য। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত চুক্তি বাড়ানো হয়েছে।
ইগর ভারতীয় ফুটবল কর্তাদের নানা কার্যকলাপে বীতশ্রদ্ধ হয়ে জানুয়ারিতেই চলে যেতে চেয়েছিলেন। ইগরকে বড় অঙ্কের বেতনের প্রস্তাব দিয়েছিল মঙ্গোলিয়া। তিনি রাজিও ছিলেন। কিন্তু ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠক করে ইগর সিদ্ধান্ত নিয়েছেন, আরও দু’বছর তিনি থেকে যাবেন এই পদে।
ইগর অবশ্য বৈঠক চলার সময় একবার বলেছিলেন চারবছর চুক্তি রাখার জন্য। সেইসময় ফেডারেশনের শীর্ষ কর্তা সত্যনারায়ণ বিদেশি কোচকে বলেন, আপনি যদি ভারতীয় দলকে বিশ্বকাপের যোগ্যতাপর্বের তৃতীয় রাউন্ডে নিয়ে যেতে পারেন, তা হলে চুক্তি আরও দু’বছর বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত করা হবে।
২০২৪ সালে কাতারে হবে এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। সেই আসরে ইগরকে কোচ রেখে ভারত যাতে নামতে পারে, সেই চেষ্টা করতেই বৈঠকে বসেছিলেন কর্তারা। ইগরের ভারতীয় ফুটবল নিয়ে আবেগের কথা জেনে ভাল লাগে ফেডারেশনের। সেইসময়ই চুক্তি বাড়ানোর প্রস্তাব রাখা হয়, তখনই রাজি হয়ে যান ক্রোয়েশিয়াজাত কোচ। যিনি একটা সময় লুকা মদ্রিচদেরও কোচিং করিয়েছিলেন বিশ্বকাপের আসরে।
সাফ কাপ ও আন্তঃ মহাদেশীয় কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পরেই সুনীল ছেত্রীদের কোচ ইগর ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও সচিব সাজি প্রচাকরণকে ইমেল করে জানান তিনি আরও চারবছরের চুক্তি নিতে চান। তারপরেই অবশ্য কর্তাদের নানা মন্তব্যে তিনি চটে জানুয়ারিতেই চলে যাবেন, এমনটিও বলেছিলেন। কিন্তু দু’বছরের চুক্তি বৃদ্ধিতে ইগরও অনেকটা চিন্তামুক্ত হলেন।