
শেষ আপডেট: 7 March 2024 21:37
দ্য ওয়াল ব্যুরো: আফগানদের ক্রিকেট ইতিহাসে নুর আলি জাদরান এক কোহিনুর। তিনি রশিদ খানের আগেই তারকা হয়ে গিয়েছেন।
নুর আলি জাদরানের আন্তর্জাতিক কেরিয়ার নানা চমকে ঘেরা। ২০০৯ সালে আইসিসি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম আনুষ্ঠানিক ওয়ানডে ম্যাচ খেলা দলের সদস্য তিনি। তারপর ব্যাট থেকে অনেক রেকর্ড এসেছে। তিনি একটি ম্যাচে সেঞ্চুরিও করেছিলেন।
দেশের হয়ে ৫১ ওয়ান ডে এবং ২৩টি টি ২০ ম্যাচ খেলা এই ব্যাটারের টেস্ট অভিষেক হয় গত মাসেই। অভিষেক টেস্টে আবার তাঁকে ক্যাপ পরিয়ে দেন তাঁরই ভাইপো ইব্রাহিম জাদরান। ইব্রাহিমের বয়স ২২, নুর আলির ৩৫। ক্রিকেটে এমন ঘটনাও বিরল।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে নুর আলি খেলেছেন দুটি টেস্ট। সেখানেই সমাপ্তি ঘটলো তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের।
বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সি নুর আলি।
সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ১৯৩০ রান করেছেন এই আফগান ওপেনার। ওয়ান ডেতে ২৪.৮১ গড়ে ১২১৬ এবং টি ২০ ক্রিকেটে তিনি ২৭.১৩ গড়ে ৫৯৭ রান করেছেন।
প্রায় চার বছর বিরতির পর টেস্ট দিয়ে এ বছর দলে ফেরেন নুর আলি। দুই টেস্টে তিনি করেন ১১৭ রান।