দ্য ওয়াল ব্যুরো: সবুজ মেরুন শীর্ষ কর্তা সৃঞ্জয় বসু গতকালই জানিয়েছিলেন, তারা এখনও জানেন না কবে থেকে এএফসি কাপের ম্যাচ হবে। যদি হয়ও, তা হলে কোথায় হবে, সেটিও অজানা।
চব্বিশ ঘন্টাও গেল না, এএফসি জানিয়ে দিল, গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে মালদ্বীপে। চলতি বছরের মে মাসে মালদ্বীপে আয়োজনের কথা থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আচমকাই স্থগিত হয়ে যায় এএফসি কাপ।
এশিয়ান ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট টুর্নামেন্টের প্লে-অফে মুখোমুখি হবে মালদ্বীপের ইগলস এবং বেঙ্গালুরু এফসি। ওই ম্যাচ যারা জিতবে, তারা গ্রুপ ডি’তে থাকবে।
https://twitter.com/AFCCup/status/1416981702589698051
এই গ্রুপে আগে থেকেই রয়েছে এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং বাংলাদেশের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
প্লে-অফের ম্যাচটির পর আগামী ১৮, ২১ এবং ২৪ আগস্ট গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলা হবে। ওই তিনদিন মাঠে নামবে হাবাসবাহিনী। করোনার জন্য দলের প্র্যাকটিস শুরু করা যায়নি। দলের বিদেশী তারকারা সবাই নিজেদের দেশে রয়েছেন। তার মানে এই টুর্নামেন্ট রয় কৃষ্ণদের খেলতে হবে প্রস্তুতি ছাড়াই।
এদিকে, করোনার কারণে দোহায় আয়োজিত এএফসির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে এএফসির পক্ষ থেকে।