
শেষ আপডেট: 14 June 2024 20:41
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পেয়েছে। মোহনবাগান আইএসএলের লিগ-শিল্ড জয়ী হওয়ার কারণে তারা এই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবে।
ইস্টবেঙ্গল এবার সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে, তারাও চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা পেয়েছে। এই আসরে সৌদি আরব, কাতার, বাহরিন, উজবেকিস্তান, ইরানের মতো নামী দেশগুলির দল অংশ নেবে।
আগামী ১৪ অগস্ট ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের আলটিন আসিরের বিরুদ্ধে। খেলাটি হবে কলকাতায় ইস্টবেঙ্গলের ঘরের মাঠে। ওই একই দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে তুর্কমেনিস্তান যাবে লাল হলুদ।
মোহনবাগানের বিপক্ষ দল ঠিক না হলেও তারাও লড়বে এশিয়ার মহা শক্তিধর দেশের ক্লাব দলের বিরুদ্ধে। ১৭ সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব শুরু হবে। প্রাথমিক রাউন্ডের অন্য ম্যাচে খেলবে আল কুয়েত বনাম আল আহলি। যে দল হারবে তারা গ্রুপ পর্বের ম্যাচ খেলে উপরে ওঠার সুযোগ পাবে। সেক্ষেত্রে কলকাতার দুই প্রধানের কাছে দু’বার সুযোগ থাকবে নিজেদের প্রমাণ করার।
দুটি দলই এবার ভাল দল গড়েছে। তারা অনেক আগে থেকেই দলগঠনের জন্য মরিয়া হয়েছে। দুই প্রধান দলের বিদেশি বাছাইও শেষ হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গলে এদিনই যেমন গ্রিক স্ট্রাইকার দিমিত্রিকে দুই বছরের চুক্তিতে নেওয়া হয়েছে। দুই প্রধানের কোচও চাইছেন, তারা আন্তর্জাতিক পর্যায়ে ভাল খেলতে। এরমধ্যে মোহনবাগানের কোচের পদে হাবাসের জায়গায় এসেছেন মোলিনা।