
শেষ আপডেট: 22 March 2024 14:08
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের ১৭তম আসর শুরু হচ্ছে আজ শুক্রবার। এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে গেছেন রাজস্থান রয়্যালসের অন্যতম সেরা স্পিনার জাম্পা। এই অসি স্পিনারকে হারিয়ে অনেকটা বিপদেই পড়েছে রাজস্থান।
এর আগে ফ্র্যাঞ্চাইজিটি তাদের অন্য আরেক তারকা ক্রিকেটার প্রসিদ্ধ কৃষ্ণাকেও হারিয়েছিল।
জাম্পাকে দেড় কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থান। আইপিএলে জাম্পার উপর দারুণ ভরসা ছিল দলটির।
ভরসা থাকবেই না কেন? গত বছরে জাম্পার পারফরম্যান্স খারাপ ছিল না। গত আসরে ৬ ম্যাচে ৮ উইকেট পান জাম্পা। আইপিএলের কেরিয়ার মোট ২০ ম্যাচে উইকেট ২৯টি পেয়েছিলেন।
তবে জাম্পা না থাকলেও রাজস্থানে আছে ভারতের জাতীয় দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি জাম্পার অভাব অনেকটাই পূরণ করে দিতে পারবেন বলে আশাবাদী ফ্র্যাঞ্চাইজি কর্তারা।
আগামী ২৪ মার্চ নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে রাজস্থান। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।