উইকেট নেওয়ার পর তারিকের উদ্যাপন মুহূর্তে ভাইরাল। পাশাপাশি অবধারিতভাবে স্মরণে আসছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) অনুষঙ্গ। শুভমান গিলকে আউট করে বিতর্কে জড়িয়েছিলেন আবরার।

শেষ আপডেট: 16 February 2026 00:11
দ্য ওয়াল ব্যুরো: গতবছর বিষাক্ত স্পিনের ছোবলে শুভমান গিলকে ক্লিন বোল্ড করে অদ্ভুত কটাক্ষ-বাণ ছেড়েছিলেন আবরার আহমেদ। ইঙ্গিতে বার্তা: ‘সাজঘর ওদিকে। চটপট হাঁটা লাগাও!’
ম্যাচ শেষে অবশ্য দ্রুত হাঁটা লাগিয়েছিল পাকিস্তান৷ ভারত জিতে নিয়েছিল সে লড়াই৷ কিন্তু লড়াই শেষেও আবরারের সেই সেন্ড-অফ নিয়ে বিতর্কের জল কম দূর গড়ায়নি। আজ তিনি মাঠে ছিলেন৷ বেদম প্রহার খেয়ে আপাতত অন্তরালে৷ বদলে যিনি স্পটলাইট কেড়ে নিয়েছেন, তিনি আবরারের সহযোদ্ধা উসমান তারিক৷ নেপথ্যে সূর্যকুমার যাদবকে আউট করে জানানো তির্যক সেন্ড অফ! আজ ম্যাচের ফল একতরফা। কিন্তু আলোচনার কেন্দ্রে ফের একই বিতর্ক। লজ্জার ৬১ রানের পরাজয়ের রাতেও পাকিস্তান শিবিরের উদ্যাপন ভঙ্গিই চর্চার বিষয় হয়ে উঠল।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ভারতের ইনিংসের শেষদিকে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন উসমান তারিক। অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) কৌশলে ফাঁদে ফেলেন। ডেলিভারির আগে সামান্য থেমে গিয়ে ফ্ল্যাট বল করেন তারিক। সূর্য মিড-উইকেটের উপর দিয়ে তুলতে গিয়ে টাইমিং মিস করেন। বাউন্ডারি লাইনে ক্যাচ নেন সাইম আয়ুব (Saim Ayub)। ইনিংস থামে ৩২ রানে।
উইকেট নেওয়ার পর তারিকের উদ্যাপন মুহূর্তে ভাইরাল। নতজানু ভঙ্গি, তারপর উড়ন্ত চুম্বন—ইঙ্গিতে শ্লেষ স্পষ্ট। অনেকেই মনে করিয়েছেন ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2007) বিখ্যাত বোল-আউট ম্যাচে রবিন উথাপ্পার (Robin Uthappa) উদ্যাপনের কথা। তবে ম্যাচের প্রেক্ষাপটে তারিকের ‘সেন্ড-অফ’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।

পাশাপাশি অবধারিতভাবে স্মরণে আসছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) অনুষঙ্গ। শুভমান গিলকে আউট করে বিতর্কে জড়িয়েছিলেন আবরার। সেই ‘ওয়াক-ব্যাক’ ইশারা নিয়ে তীব্র সমালোচনা জমেছিল। প্রাক্তন তারকারাও প্রশ্ন তুলেছিলেন সময় ও পরিস্থিতি নিয়ে। পরে আবরার বুক চিতিয়ে জানান, এটা তাঁর ‘স্টাইল’। এর জন্য তিনি মোটেও ক্ষমা চাইবেন না। এতে বিতর্ক থামার বদলে বেড়ে ওঠে। এবার তারিকের ভঙ্গিমাও নতুন করে সেই প্রসঙ্গকে উসকে দিল।