
শেষ আপডেট: 2 December 2023 14:28
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান শনিবারই সন্ধ্যায় আইএসএলের ম্যাচে খেলতে নামবে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। গত এএফসি কাপের ম্যাচে পাঁচ গোল হজম করেছে কমজোরি ওড়িশা এফসি-র বিরুদ্ধে। জয়ের ছন্দ খুঁজে পেতে মরিয়া সবুজ মেরুন দল।
তারমধ্যেই ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, চলতি মাসের ১৬ তারিখ তাঁবুতে বসবে ১৯১১ সালের আইএফএ শিল্ডজয়ী অমর একাদশের ছয় ফুটের মূর্তি। ক্লাবের কর্মসমিতির সভায় এটি সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর ধূমধামে অনুষ্ঠান করে ওই মূর্তির উদ্বোধন করা হবে। হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
উত্তর কলকাতার শ্যামবাজারে মোহনবাগান লেনে ওই অমর একাদশের মূর্তি রয়েছে। সবুজ মেরুন তাঁবুতে রয়েছে ওই দলের ছবি। সদস্য-সমর্থকদের দাবি ছিল অনেকদিন ধরেই। সেই দাবি মেনেই ওই ঐতিহাসিক মুহূর্ত ফিরিয়ে আনা হবে স্থায়ীভাবে। প্রসঙ্গত, শিবদাস ভাদুড়িদের ওই দলটি ইস্ট ইয়র্ক রেজিমেন্ট দলকে হারিয়ে শিল্ড জিতে নিয়েছিল।
ওই দলের সাফল্য রূপকথা হিসেবে বর্ণিত হয়ে রয়েছে। ব্রিটিশ দলের বিরুদ্ধে খালি পায়ে ফুটবল খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন বিজয় দাস ভাদুড়ি, হাবুল সরকাররা।
পাশাপাশি রবিবারই দুর্গাপুরে বড় রাস্তার নামকরণ মোহনবাগান অ্যাভিনিউ হতে চলেছে। এর আগে শিলিগুড়িতেও হয়েছে রাস্তার নাম। কলকাতায় রয়েছে মোহনবাগান লেন। এবার থেকে মোহনবাগান শক্তিশালী হকি দলও গড়বে কলকাতা লিগে খেলার জন্য।
এদিকে, আইএফএ-র বিরুদ্ধে মোহনবাগান যে কঠোর মনোভাব দেখাবে, সেটিও এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।