মেয়ের ঠোঁটে ঠোঁট রেখে চুমু! বেকহ্যামকে নিয়ে নিন্দায় মুখর নেটিজেনরা
দ্য ওয়াল ব্যুরো: তাঁকে ঘিরে তরুণীদের উন্মাদনা তুঙ্গে। ফ্রি-কিকের জাদুকর আসলে যা কিছুই করেন তাই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তিনি যে ফুটবল তারকা, স্টাইল আইকন ডেভিড বেকহাম। তবে এ বারের বিষয়টা কিঞ্চিৎ আলাদা। ইনস্টাগ্রামে তাঁর সদ্য পোস্ট করা একটা ছ
শেষ আপডেট: 28 November 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: তাঁকে ঘিরে তরুণীদের উন্মাদনা তুঙ্গে। ফ্রি-কিকের জাদুকর আসলে যা কিছুই করেন তাই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তিনি যে ফুটবল তারকা, স্টাইল আইকন ডেভিড বেকহাম। তবে এ বারের বিষয়টা কিঞ্চিৎ আলাদা। ইনস্টাগ্রামে তাঁর সদ্য পোস্ট করা একটা ছবি বিতর্কের জন্ম দিয়েছে। কেউ ভালো, কেউ মন্দ নানা মুনির নানা মতে এই মুহূর্তে সমালোচনার কেন্দ্রে ইংলিশ ফুটবলার।
ট্রোলিংয়ের শুরু নিজের সাত বছরের মেয়ে হার্পারের সঙ্গে তাঁর একটা ছবি ঘিরে। যেখানে দেখা গেছে মেয়ের ঠোঁটে চুমু খাচ্ছেন বেকহ্যাম। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া মাত্র নিমেষে তা ভাইরাল। সমালোচনায় মুখর নেটিজেনদের এক অংশ। কেউ লিখেছেন, "ও তোমার মেয়ে, ওকে ঠোঁটে চুমু খাচ্ছো? যেখানে তোমার স্ত্রী চুমু খায়!" আবার কারওর মন্তব্য, "আমার মনে হয় গালে চুমুটা অনেক ভালো হত, ঠোঁটে চুমুটা কিছুটা হলেও অশোভন।"
পিতা-পুত্রীর স্নেহচুম্বন নিয়ে নেটিজেনদের আপত্তি থাকলেও, বেকহ্যামের সমর্থনেও মুখ খুলেছেন অনেকে। তাঁর এক ভক্ত টম ব্র্যাডি লিখেছেন, "বাবা ও মেয়ে খুবই মিষ্টি ছবি।" অন্য ভক্তের মন্তব্য, "আমার বয়স ৩৫। এখনও বাবার ঠোঁটে চুমু খাই। এমন সুন্দর মুহূর্তকে কেন বিকৃত করা হচ্ছে বুঝতে পারছি না। এটা খুবই দুঃখজনক।"
https://www.instagram.com/p/BqqKjb8nVaw/?utm_source=ig_web_copy_link
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ছ'বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ডেভিড বেকহ্যাম মাঠ হোক বা মাঠের বাইরে, বরাবরই তিনি খবরের শিরোনামে। পপস্টার ভিক্টোরিয়া বেকহ্যামকে বিয়ে করা থেকে প্রিমিয়ার লিগ ছেড়ে হঠাৎ আমেরিকায় ফুটবল খেলতে চলে যাওয়া, চমকে দিয়েছেন বরাবর। মাঠে তাঁকে এক ঝলক দেখতে উপচে পড়ে তরুণীদের ভিড়। প্রেম নিবেদনের বন্যা হয়ে যায়।
তবে তেতাল্লিশ বছরের তারকা এখন ফুটবল থেকেই অনেক দূরে। নিজেকে ব্যস্ত রেখেছেন সমাজসেবা আর ছেলেমেয়েদের নিয়ে। তথ্যচিত্রও বানিয়ে ফেলেছেন, ‘ফর দ্য লভ অফ দ্য গেম’। তাঁকে নিয়ে ভক্তদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। টেকস্যাভি বেকহ্যাম সোশ্যাল মিডিয়ায় তাঁর জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন। মেয়ের সঙ্গে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তটাও তিনি শেয়ার করেছেন বলেই জানিয়েছেন। বিতর্ক হলেও বেকহ্যামের গুণমুগ্ধরাও যে তাঁর সমর্থনে মুখ খুলবেন না সেটা বলাই বাহুল্য। এক ভক্ত তো বলেই দিয়েছেন, "কোনও রকম বিতর্কে কান দিও না। কিছু মানুষ নিজের চাহিদা পূরণ না হলে বিতর্ক করতেই ভালোবাসে। বাবা তার মেয়ের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করেছে, সেই পবিত্র ভালোবাসাটা দেখো! "