
ভেঙ্কটেশ আইয়ার
শেষ আপডেট: 4 April 2025 12:07
দ্য ওয়াল ব্যুরো: গত বছর আইপিএল জিতে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। নিলামে ফের কিনে নেয়। সেটাও ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার চড়া দামে। একমাত্র ঋষভ পন্থ (২৭ কোটি) এবং শ্রেয়স আইয়ারই (২৬ কোটি ৭৫ লাখ) দামের নিরিখে ভেঙ্কটেশের চাইতে এগিয়ে। এই আর্থিক ট্যাগ নিয়ে পক্ষে-বিপক্ষে কথা শুরু হলেও তা আমল দিয়ে নারাজ গতকালের নায়ক। উলটে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ২৯ বলে ৬০ রানের ঝোড় ইনিংস খেলে দলকে জেতানোর পর সাফ জানিয়ে দিলেন, কেউ সবচেয়ে দামি ক্রিকেটার হলেই যে তাকে প্রতিটি ম্যাচে রান করতে হবে, তার কোনও মানে নেই।
২০২১ সালে কলকাতার জার্সিতে নেমেছিলেন। পরের বছর সেভাবে রান না করলেও তারপর থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। প্রতিটি মরশুমেই ৩৫০-এর উপর রান তুলেছেন। তবু চলতি মরশুম শুরুর আগে আর সবাইকে ছেড়ে স্পটলাইটের আলো পড়েছিল ভেঙ্কটেশের উপর। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেলদের ধরে রাখলেও ভেঙ্কটেশের ফিরে আসা বাকি সমস্ত চর্চা ছাপিয়ে যায়। আর কেন্দ্রে ঘুরেফিরে উঠে আসে ‘প্রাইস ট্যাগে’র চাপ।
প্রশ্ন ওঠার কারণও ছিল যদিও। পিঞ্চহিটার হয়েও দুটি ম্যাচে মাত্র ৯ রান। দলও আইপিএলের ক্রমতালিকায় সর্বশেষ নাম। প্রায় ২৪ কোটি টাকা পাহাড়প্রমাণ বলে মনে হতে থাকে। কিন্তু চার নম্বর ম্যাচে ৬০ রান করে ভেঙ্কটেশ বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। দলের প্রয়োজনে যে কোনও মুহূর্তে জ্বলে উঠতে পারেন। গতকাল ম্যাচ জিতে দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার পক্ষে সওয়াল করলেন ঠিকই। কিন্তু পাশাপাশি জানিয়ে দিলেন, দামি খেলোয়াড় মানেই যে তাঁকে সমস্ত ম্যাচে রান তুলতে হবে তা নিরর্থক।
ভেঙ্কটেশ বলেন, ‘আইপিএলে তুমি ২০ লাখ টাকায় বিক্রি হলে নাকি ২০ কোটি টাকায় তোমায় কেনা হল—তা অর্থহীন। কেমনভাবে ক্রিকেট খেলবে সেটা শুধুমাত্র টাকা নির্ধারণ করতে পারে না। জানি টাকা খরচ এবং প্রত্যাশার চাপ নিয়ে সওয়াল উঠবেই। কিন্তু আমি দলের সাফল্যে ছাপ রাখতে চাই। এমন বেশ কিছু মুহূর্ত আসবে, যখন হয়তো আমায় বেশ কিছু বল খেলতে হবে, উইকেটে টিকে থাকতে হবে। সেই ম্যাচে হয়তো আমি তেমন রান করলাম না। কিন্তু সেক্ষেত্রে দলের হয়ে কাজের কাজ করে দিলাম।‘ এরপরই তিনি বলে দেন, ‘সবচেয়ে দামি ক্রিকেটার হলেই যে আমায় সব ম্যাচে রান করতে হবে, তার কোনও অর্থ নেই। একটা চাপ অবশ্যই থাকে। কিন্তু সেটা প্রত্যাশাপূরণের, টাকার নয়।‘