
প্যারিস অলিম্পিক্সে অ্যাথলিটরাও দেশের ভরসা।
শেষ আপডেট: 24 July 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের জন্য থাকছে পুরো একটা মেডিকেল টিম। সেই টিমের দায়িত্বে থাকছেন দেশের নামী অস্থি বিশেষজ্ঞ ডাঃ দীনেশ পার্দিওলা। যিনি একটা সময় শচীন তেন্ডুলকারেরও চিকিৎসা করিয়েছিলেন। যাঁকে দেখাতে গেলে সাধারণ মানুষকে একবছর আগে নাম লেখাতে হয়।
মেগা ইভেন্টের সময় চোট অনেকসময় ভুগিয়েছে অ্যাথলিটদের। বহুক্ষেত্রে দেখা গিয়েছে, চোটের কারণে নিজেদের সেরাটা দিতে পারেননি অ্যাথলিটরা। এই প্রথমবার পুরো দলের সঙ্গে মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, যা আগে কোনওদিন হয়নি।
শুধু তাই নয়, প্যারিস অলিম্পিক্সের গেমস ভিলেজে রিহ্যাব সেন্টারও থাকছে। এর আগে দেশের অ্যাথলিটদের চোট লাগলে ভিলেজের চিকিৎসকরা তাঁর দেখভাল করতেন। এবার থেকে প্রতি ঘরের পাশে থাকছে রিহ্যাব রুম। সেখানে অ্যাথলিটদের ম্যাসাজ নেওয়ারও ব্যবস্থা থাকছে। তাঁকে দ্রুত কী করে ইভেন্টের জন্য সুস্থ করে তোলা যায়, তার ব্যবস্থা থাকবে।
আরও তাৎপর্যের বিষয়, এই নামী চিকিৎসকের অধীনে রয়েছেন দেশের বহু তারকা অ্যাথলিট। সেই কারণেই তিনি সকলের কন্ডিশন সম্পর্কে অবহিত। তাই অ্যাথলিটদের সুপারিশের ভিত্তিতেই কেন্দ্র ক্রীড়ামন্ত্রক পার্দিওলাকে দায়িত্ব দিয়েছে।
এমনকী ওই চিকিৎসকের নিজস্ব টিমও থাকবে প্যারিসে। ওই দলে থাকবেন ফিজিওথেরাপিস্ট, মেন্টাল কন্ডিশনিং কোচ, পুষ্টি বিশেষজ্ঞ, স্লিপ থেরাপিস্টরা।