
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং গাইলেন আতিফ আসলাম
শেষ আপডেট: 8 February 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান এবং দুবাইয়ে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে। এবারের এই মেগা ইভেন্ট মোট আটটি দলের মধ্যে আয়োজন করা হচ্ছে। প্রত্যেকটা দল আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচই পাকিস্তানে খেলা হবে। শুধুমাত্র ভারতের ম্যাচগুলোই দুবাইয়ে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্য়ে আইসিসি এই টুর্নামেন্টের অফিশিয়াল অ্যান্থেম প্রকাশ করেছে। যদিও এই থিম সং নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। পাকিস্তানের স্বনামধন্য গায়ক আতিফ আসলাম এই গানটি গেয়েছেন।
এই অফিশিয়াল অ্যান্থেমের নাম 'জিতো বাজি খেলকর'। এই গানটি আতিফ আসলাম গেয়েছেন। পাশাপাশি এই গানের ভিডিওয় তাঁকে পারফরম্যান্স করতেও দেখা গিয়েছে। এই থিম সংয়ে কোনও ক্রিকেটারকে দেখতে পাওয়া যায়নি। কেবলমাত্র প্রত্যেকটা দেশের সমর্থকদেরই দেখতে পাওয়া গিয়েছে।
এর পাশাপাশি দেখা গিয়েছে আটটি দেশের পতাকাও। এই থিম সংয়ে ক্রিকেট খেলার পাশাপাশি সমর্থকরা নাচও করছেন। তবে পাকিস্তান ক্রিকেট সমর্থকদের একাংশ এই থিম সং একেবারে পছন্দ করছেন না। এমনকী, তাঁরা এই গানকে আবর্জনার সঙ্গেও তুলনা করেছেন। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে জলঘোলা হতে শুরু করেছে।
CHAMPIONS TROPHY 2025 OFFICIAL SONG IS OUT NOW. ????pic.twitter.com/1q5o7S8eWU
— ???????????????????? (@CallMeSheri1) February 7, 2025
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংয়ের ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরালও হতে শুরু করেছে। তবে উসমান নামে পাকিস্তানের এক ক্রিকেট সমর্থক স্পষ্ট মন্তব্য করেছেন, পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির এই টাইটেল সং আদতে একটা আবর্জনা। আপনারা কি আমার সঙ্গে সহমত?
আবার টিফ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে, 'আমাদের দেশে সাহির আলি বাগ্গার মতো কিংবদন্তি সঙ্গীত শিল্পী রয়েছেন। কিন্তু, তাঁকে দিয়ে এই থিম সং গাওয়ানো হল না। এটা আসলে কোকা-কোলার বিজ্ঞাপনের মতোই হয়েছে। আইসিসি-র এই মেগা ইভেন্টে গোটা বিষয়টা আরও ভাল হতে পারত।' যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ে টিম ইন্ডিয়া মোট তিনটে ম্যাচ খেলবে। আগামী ২০ ফেব্রুয়ারি খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। তারপর ২৩ তারিখ রয়েছে মহাসংগ্রাম। ভারত বনাম পাকিস্তান। এরপর বেশ কয়েকটা দিন সময় পাবে টিম ইন্ডিয়া। ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের খেলতে নামবেন রোহিত শর্মারা। প্রত্যেকটা ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।