
সূর্যগ্রহণ
শেষ আপডেট: 28 March 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২৯ মার্চ। যদিও এটি ভারত থেকে দেখা যাবে না। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় কিছু নিয়ম মেনে চলা উচিত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই সময় কিছু বিধি অনুসরণ করলে গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব।
গ্রহণ শুরুর আগে দুধ, দই, জল এবং অন্যান্য খাবারে তুলসী বা কুশপাতা রেখে দেওয়া ভালো। এই সময় দেবতার মূর্তি স্পর্শ না করলেও ধর্মীয় গ্রন্থ পাঠ করা যেতে পারে। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করা এবং ঘরদোর পরিষ্কার করা উচিত। পাশাপাশি, জপ, হবন, তর্পণ, শ্রাদ্ধ ও দান করলে শুভ ফল লাভ হয় বলে মনে করা হয়।
গর্ভবতী নারীদের জন্য গ্রহণের সময় বিশেষ কিছু নিয়ম মানতে বলা হয়। তাঁদের পেটে গরুর গোবরের মিশ্রণ লাগানো, মাথা কাপড়ে ঢেকে রাখা এবং সামান্য লোহা স্পর্শ করার পরামর্শ দেওয়া হয়, যাতে গ্রহণের নেতিবাচক প্রভাব এড়ানো যায়। এছাড়া, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করাও উপকারী বলে মনে করা হয়।
গ্রহণের সময় কিছু বিষয় এড়িয়ে চলা উচিত। যেমন, এই সময় ভ্রমণ না করাই ভাল। অনেকের বিশ্বাস, গ্রহণের সময় রান্না করা বা খাবার খাওয়া শরীরের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে।
যদিও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সূর্যগ্রহণ একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, তবে বহু মানুষ আজও জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে চলেন। তাই গ্রহণের সময় কী করা উচিত বা উচিত নয়, তা ব্যক্তি বিশেষের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে।