রবিবার দুপুরে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এদিন দুপুর ১২টা ৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 November 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এদিন দুপুর ১২টা ৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪ এবং কেন্দ্রস্থল ছিল প্রায় ৯০ কিলোমিটার গভীরে।

বিদেশি সংস্থাগুলিও জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি ছিল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের মতে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০৭ এবং গভীরতা প্রায় ১০ কিলোমিটার। মার্কিন সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫। যদিও পরিমাপে সামান্য পার্থক্য রয়েছে, তবে সব সংস্থাই একমত যে ভূমিকম্পটি ছিল যথেষ্ট শক্তিশালী।

ভূমিকম্পের পরই প্রশাসন দ্রুত সতর্কতা জারি করে। দ্বীপের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হলেও, এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পর্যটকদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে আন্দামান প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কোনও কারণ নেই।

মালয়েশিয়ার আবহাওয়া দফতরও জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির আশঙ্কা নেই। ফলে উপকূল এলাকায় আতঙ্ক কিছুটা কমেছে। বিশেষজ্ঞদের মতে, মাটির কাছাকাছি গভীরতার ভূমিকম্প সাধারণত বেশি বিপজ্জনক হয়, কারণ কম্পনের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এই ক্ষেত্রে বড় কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। এটি ভূমিকম্পের 'জোন ৫'-এর মধ্যে পড়ে, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ধরা হয়। উত্তর-পূর্ব ভারত, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড ও গুজরাটের কিছু অংশও এই জোনে রয়েছে।

ভূতত্ত্ববিদদের মতে, আন্দামান অঞ্চলে টেকটোনিক প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলেই প্রায়ই এমন ভূমিকম্পের ঘটনা ঘটে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে, তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে বড় কোনও বিপদের আশঙ্কা নেই।