দোকান থেকে কিনে নয়, নিজের হাতে বানানো চকোলেটটাই পছন্দের মানুষকে উপহার দিন। নিজের তৈরি চকোলেটে থাকবে ভালবাসা, যত্ন আর ব্যক্তিগত স্পর্শ, যা কোনও দোকান থেকে কেনা চকোলেটে পাওয়া যায় না।

ফাইল ছবি
শেষ আপডেট: 8 February 2026 15:26
দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। 'ভ্যালেন্টাইন্স উইক' (Valentine's Week) শুরু হয়ে গিয়েছে, পছন্দের মানুষকে গোলাপ, টেডি, চকোলেট, আরও কত কী উপহার করে। এই একটা সপ্তাহ ধরে বিশেষ কিছু দিনও পালন করেন যুগলরা। তার মধ্যেই ৯ ফেব্রুয়ারি, 'চকোলেট ডে, (Chocolate Day)' এই দিনে নিশ্চয়ই প্রেমিক-প্রেমিকারা একে অপরকে চকোলেট দেওয়ার প্ল্যান করছেন, কিন্তু এটা তো খুব সাধারণ। তাহলে এবারে দোকান থেকে কিনে নয়, নিজের হাতে বানানো চকোলেটটাই পছন্দের মানুষকে উপহার দিন। নিজের তৈরি চকোলেটে থাকবে ভালবাসা, যত্ন আর ব্যক্তিগত স্পর্শ, যা কোনও দোকান থেকে কেনা চকোলেটে পাওয়া যায় না। এটি শুধুমাত্র একটা মিষ্টি উপহার নয় বরং সম্পর্কের মধুর মুহূর্তগুলোকে আরও বিশেষ ও মনে রাখার মতো করে তুলবে।

ঘরে তৈরি স্বাস্থ্যকর চকোলেট এবং ড্রাই ফ্রুট বল: প্রথমে কাজু, পেস্তা, কাঠবাদাম, কিশমিশ কুচি করে নিন। এবার ডার্ক চকোলেট গলিয়ে নিন। তাতে জ্যাগারি পাউডার (গুঁড়ো করা গুড়) এবং একটু মাখন মিশিয়ে ভালো করে নেড়ে নিন। মিশ্রণটি চকোলেট মোল্ডে ঢেলে ফ্রিজে রেখে দিন সারা রাত। পরের দিনই সুস্বাদু, স্বাস্থ্যকর চকোলেট তৈরি হবে।

ড্রাই ফ্রুট বল চকোলেট: কাঠবাদাম, কাজু, মাখানা শুকনো তাওয়া বা প্যানে হালকা ভেজে নিন। এবার মিশ্রণটি মিক্সারে দিন। সঙ্গে মিশিয়ে দিন খেজুর ও কিশমিশ। সব কিছু ভালো করে বেটে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে নিন। এগুলোর উপরে গলানো ডার্ক চকোলেট ছড়িয়ে দিন। ট্রেতে বাটার পেপার দিয়ে সাজিয়ে ফ্রিজে সারা রাত রাখুন।
.jpg)
মাখানা চকোলেট বল: একটি ননস্টিক পাত্রে সামান্য ঘি দিয়ে মাখানা ভেজে নিন লালচে হওয়া পর্যন্ত। এবার ডার্ক চকোলেট গলিয়ে তার সঙ্গে মিশিয়ে দিন কিছু খেজুর বাটা। মাখানাগুলি চকোলেট মিশ্রণে ঢেলে দিন। চামচ দিয়ে একে একে তুলে ট্রেতে সাজিয়ে দিন। উপর থেকে ছড়িয়ে দিন ভাজা চিনেবাদামের গুঁড়ো। ফ্রিজে রেখে দিন সারা রাত।