দীর্ঘদিন ধরেই ভারতীয় চলচ্চিত্র জগতের সঙ্গে অপরাধজগতের এক অদ্ভুত সহাবস্থান চলে আসছে। কয়েকজনকে প্রাণ হারাতে হয়েছে, আবার একাধিক নামী মুখ এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন আন্ডারওয়ার্ল্ডের ভয়াবহ বাস্তবতার সঙ্গে।

শেষ আপডেট: 27 January 2026 15:41
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই ভারতীয় চলচ্চিত্র জগতের সঙ্গে অপরাধজগতের এক অদ্ভুত সহাবস্থান চলে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে একাধিক বলিউড অভিনেতা, প্রযোজক ও পরিচালককে আন্ডারওয়ার্ল্ডের হুমকি, হামলা মুখোমুখি হতে হয়েছে। এমনকী খুনের ঘটনাও সেখানে 'আম বাত'।
বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে আজও বেশ সক্রিয় অপরাধচক্রের ছায়া। একাধিক নামী মুখ এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন আন্ডারওয়ার্ল্ডের ভয়াবহ বাস্তবতার সঙ্গে।
কারা রয়েছেন আন্ডারওয়াল্ডের টার্গেট লিস্টে?

গুলশন কুমার: ১৯৯৭ সালে টি-সিরিজ কর্তা গুলশন কুমারের খুন ছিল মুম্বই আন্ডারওয়ার্ল্ডের হাতে বলিউড সংক্রান্ত প্রথম বড় হত্যাকাণ্ড। গুলশন কুমার প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মুম্বইয়ের আন্ধেরিতে একটি শিবমন্দিরে পুজো দিতে যেতেন। ১৯৯৭ সালের ১২ আগস্টও তিনি মন্দিরে গিয়ে প্রায় ১৫ মিনিট প্রার্থনা করেন এবং প্রসাদ দেন। ফেরার পথে গাড়ির দরজা খুলতেই তিন জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। খুনের কয়েকদিন আগে তিনি খুনের হুমকিও পেয়েছিলেন।

সলমন খান: ১৯৯৮ সালের ব্ল্যাকবাক শিকার মামলার ছায়া আজও সলমন খানের পিছু ছাড়েনি। ২০১৮ সালে যোধপুরে আদালতে হাজিরার সময় বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে অভিনেতাকে খুনের হুমকি দেয়। তার পর থেকেই একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। ২০২৫-এ তাঁর বান্দ্রার বাড়ির বাইরে গুলিও চালায় দু’জন শুটার। অভিযোগ, তারা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পরে দু’জনকেই গ্রেফতার করে পুলিশ।

রাকেশ রোশন: শোনা যায়, ২০০০ সালে 'কহো না... পেয়ার হ্যায়' ছবির বিপুল সাফল্যের পর আন্ডারওয়ার্ল্ডের কাছ থেকে তোলা আদায়ের দাবি আসে পরিচালক রাকেশ রোশনের কাছে। তাঁর দাবি, টাকা দিতে অস্বীকার করায় তাঁকে খুনের চেষ্টা করা হয়। ২০০০ সালের ২১ জানুয়ারি মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় নিজের অফিসের কাছে রোশনকে লক্ষ্য করে গুলি চালায় সুনীল ভিত্থাল গায়কোয়াড় ও সচিন কাম্বলে। একটি গুলি তাঁর বাঁ হাতে লাগে, অন্যটি বুক ছুঁয়ে বেরিয়ে যায়। আহত অবস্থাতেই তিনি গাড়ি চালিয়ে সান্তাক্রুজ থানায় পৌঁছন। সেখান থেকে তাঁকে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়।

শাহরুখ খান: ‘জওয়ান’ খ্যাত শাহরুখ খানের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে একাধিকবার সংঘাত হয়েছে বলে জানা যায়। ১৯৯০-এর দশকে গ্যাংস্টার আবু সালেম তাঁকে একাধিকবার হুমকি দেয়। এই সব হুমকির প্রেক্ষিতে ২০২৩ সালের অক্টোবরে মহারাষ্ট্র সরকার শাহরুখ খানকে Y+ নিরাপত্তা কভার দেয়।

প্রীতি জিন্টা: ২০০১ সালের ছবি 'চোরি চোরি তুপকে চুপকে' সংক্রান্ত মামলায় বলিউডে আন্ডারওয়ার্ল্ডের হস্তক্ষেপ নিয়ে মুখ খোলেন প্রীতি জিন্টা। এরপরই তিনি হুমকির মুখে পড়েন। ওই ছবির প্রযোজক নাসিম রিজভি ও ফিনান্সার ভারত শাহ আন্ডারওয়ার্ল্ডের টাকা ব্যবহারের অভিযোগে জেলে যান। মুম্বইয়ের আদালতে প্রীতি জানান, তাঁকে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল।

বাবা সিদ্দিকি: ইফতার পার্টি এবং বলিউড মহলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য পরিচিত এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি ঘটে তাঁর বিধায়ক ছেলে জিশান সিদ্দিকির মুম্বই অফিসের বাইরেই।