
দ্য গ্রেট খলি ওরফে দলীপ সিং রানা
শেষ আপডেট: 12 December 2024 17:29
দ্য ওয়াল ব্যুরো : এই মানুষটার পরিচয় আর নতুন করে দেওয়ার কিছু নেই। WWE প্রতিযোগিতায় তিনি ভারতকে বিশ্ব দরবারে নিয়ে গিয়েছেন। নাম দলীপ সিং রানা ওরফে 'দ্য গ্রেট খলি'। ছোটবেলায় তাঁর পরিবার একেবারে আর্থিক স্বচ্ছ্বল ছিল না। স্কুলের বেতন দিতে না পারার কারণে খুব বেশিদুর তিনি লেখাপড়াও করতে পারেননি।
আজ যাঁকে আমরা 'দ্য গ্রেট খলি' নামে চিনি, ছোটবেলায় তাঁকে যথেষ্টই আর্থিক কষ্টের মধ্যে কাটাতে হয়েছে। পড়াশোনায় মাথা একেবারে ভাল ছিল না। সেকারণে বন্ধুরা তাঁকে নিয়ে হাসাহাসিও করত। একটা সময়ের পর দলীপের বাবা স্কুলের বেতনটুকু জোগাড় করতে পারলেন না।
একটি ইন্টারভিউয়ে দলীপ সিং রানা বলেছেন, 'সালটা ছিল ১৯৮৯। বৃষ্টি তেমন একটা হয়। বেশিরভাগ ফসলই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। দ্বিতীয় শ্রেণীতে ওঠার পর প্রায় একমাস কেটে গিয়েছিল, কিন্তু স্কুলের বেতন দিতে পারিনি। হেডমাস্টার প্রতিদিনই একবার করে বেতনের কথা শুনিয়ে যেতেন। তারপর একদিন গোটা ক্লাসের সামনে আমার শিক্ষক অপমান করলেন। এরপর থেকেই বাকি বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করত।'
এরপর তাঁর শিক্ষা খুব বেশিদুর এগোয়নি। ফলে চাকরিও যে ঝাঁ-চকচকে পাবেন, তেমনটা আশা করা বৃথা। একদিন স্থানীয় প্রতিবেশী জানায় যে একটি নার্সারিতে (যেখানে গাছ রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করা হয়) সেখানে একটা চাকরি রয়েছে। প্রতিদিন ৫ টাকা করে দেওয়া হবে। 'দ্য গ্রেট খলি'র কথায়, 'এটা আমার কাছে অনেক টাকা ছিল। স্কুলের আড়াই টাকা যেখানে দিতে পারিনি, সেখান প্রতিদিন ৫ টাকা মানে অনেক বড় ব্যাপার। মনে মনে ঠিক করে ফেলি যে কঠোর পরিশ্রম করতেই হবে।'
তবে ঠিকঠাক চাকরি হিসেবে তিনি এটা ধরেন না। দলীপের কথায়, 'সিমলায় একটি রেস্তরাঁ ছিল। সেই রেস্তরাঁর মালিকের বডিগার্ড হিসেবে চাকরি পেয়েছিলাম। তিনি আমাকে মাসে ১,৫০০ টাকা করে দিতেন। সঙ্গে থাকা এবং খাওয়া ফ্রি ছিল।' আর এভাবেই জীবনের প্রথমদিকটা কেটেছিল ভারতের এই জনপ্রিয় WWE সুপারস্টারের।