.webp)
ভিনেশ ফোগত
শেষ আপডেট: 6 September 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা বিধানসভা নির্বাচনের মধ্যেই ভারতীয় রাজনীতিতে একটা বড়সড় চমক দেখতে পাওয়া গেল। রাজনৈতিক ময়দানে পা রাখলেন ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়া। শুক্রবার দেশের এই দুই তারকা রেসলার কংগ্রেসের হাত ধরেন। প্রথমে তাঁরা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেন। এরপর তাঁরা কংগ্রেসের সদর দফতরে যান এবং দলে যোগ দেন।
ভিনেশ ফোগত বললেন, 'আমি কংগ্রেস পার্টিকে ধন্যবাদ জানাতে চাই। কথায় বলে, খারাপ সময়েই নিজের লোকজনদের চিনতে পারা যায়। আমাদের যেদিন রাস্তায় ছেঁচড়ে নিয়ে যাচ্ছিল, বিজেপি ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের কষ্টটা বুঝতে পারছিল।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আজ অত্যন্ত গর্বের সঙ্গে একথা বলতে পারি যে এমন একটি রাজনৈতিক দলে আমরা যোগ দিয়েছি, যেখানে মহিলাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়। রাস্তা থেকে সংসদ পর্যন্ত লড়াই করার জন্য় পাশে দাঁড়ায়। যে সকল মহিলাদের অথর্ব বলে মনে করা হয়, আমি তাঁদের পাশে দাঁড়াতে চাই। কুস্তির মাধ্যমে আমি যতটা সম্ভব দেশের মহিলাদের অনুপ্রাণিত করেছি।'
অন্যদিকে বজরং পুনিয়া বললেন, 'দেশের মহিলাদের পাশে কংগ্রেস সবসময় দাঁড়িয়েছে। যন্তর-মন্তরে যখন মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছিল, তখন বিজেপির টিকিও দেখতে পাওয়া যায়নি। সেইসময় কংগ্রেস এবং বাকি দলগুলো ওদের পাশে দাঁড়িয়েছিল। যেমন কুস্তির জন্য পরিশ্রম করেছে, তেমনই কৃষক এবং মহিলাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। আশা করব, এভাবেই কংগ্রেস দেশের উন্নতিসাধন করতে পারবে।'