
জাতীয় যুব উৎসবের সাংবাদিক বৈঠক
শেষ আপডেট: 21 November 2024 18:51
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব মন্ত্রকের উদ্যোগে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। নাম বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ। মাই ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। জানা গিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় নেতৃত্ব প্রতিভা খুঁজে বের করা হবে। তাঁদের আরও শানিত করা হবে।
বুধবার (২১ নভেম্বর) এই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে জানানো হয়েছে, যুব সমাজের দৃষ্টিভঙ্গি এবং মতামত বিনিময়ের জন্য় একটি বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামত আদান-প্রদান করা যাবে। পাশাপাশি আরও একটি বিষয় এই বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। গোটা বিষয়টার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক থাকবে না।
জানা গিয়েছে, এই কর্মসূচি মূলত চারটে স্তরে ভাগ করা হবে। প্রথম পর্যায়ে বিকাশ ভারত কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। ২৫ থেকে ২৯ বছর বয়সি যে কোনও ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি আয়োজন করা হবে।
কুইজ প্রতিযোগিতায় যাঁরা সফল হবেন, তাঁদের দ্বিতীয় পর্যায়ে দশটি নির্দিষ্ট বিষয়ের উপর ব্লগ লিখতে হবে। তারমধ্যে অন্যতম হল বিকশিত ভারত নির্মাণ প্রযুক্তির অবদান। তৃতীয় স্তরে চাক্ষুষ উপস্থিতি। দ্বিতীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরাই এখানে সুযোগ পাবেন। অবশেষে আগামী বছর ১১ এবং ১২ জানুয়ারি জাতীয় যুব উৎসব আয়োজন করা হবে। চতুর্থ স্তরে সেই উৎসবে অংশগ্রহণ করতে পারবে। দেশের প্রধানমন্ত্রীর সামনে যুবক-যুবতীরা নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন। তবে প্রথম দুটো স্তর অনলাইনে হবে। রাজ্যভিত্তিক স্তরগুলো অফলাইনে হবে।