মঙ্গলবার এই পর্বতারোহী বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে নয়টি শৃঙ্গ জয় করে প্রথম ভারতীয় হিসাবে নজির গড়েছেন।

ভারত থাম্মেইনেনি
শেষ আপডেট: 14 October 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো: ভারত থাম্মেইনেনির (Bharath Thammineni) নাম কজনই বা শুনেছেন? কিন্তু ৩৬ বছর বয়সেই অন্ধ্রপ্রদেশের কুর্নুলের এই বাসিন্দা যা কৃতিত্ব গড়েছেন, তা বিরাট কোহলের ৩০টি টেস্ট সেঞ্চুরির থেকে কোনও অংশেই কম নয়। মঙ্গলবার এই পর্বতারোহী (Mountaineer) বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে নয়টি শৃঙ্গ জয় করে প্রথম ভারতীয় হিসাবে নজির গড়েছেন।
এদিন ষষ্ঠ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট চো ওয়ুর (৮,১৮৮ মিটার) শীর্ষে পা রেখেছেন থাম্মেইনেনি। এই পর্বতারোহীর ঘনিষ্ঠ সূত্র এই তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, এই অর্জনের আগে থাম্মেইনেনি ২০১৭ সালের মে মাসে মাউন্ট এভারেস্ট, ২০১৮ সালের সেপ্টেম্বরে মাউন্ট মানাসলু, ২০১৯ সালের মে মাসে মাউন্ট লোৎসে, ২০২২ সালের মার্চ মাসে মাউন্ট অন্নপূর্ণা, ২০২২ সালের এপ্রিলে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, ২০২৩ সালের মে মাসে মাউন্ট মাকালু, ২০২৪ সালের অক্টোবরে মাউন্ট শিশাপাংমা এবং ২০২৫ সালের এপ্রিলে মাউন্ট ধৌলাগিরি জয় করেছিলেন। এই সব শৃঙ্গই ৮,০০০ মিটারেরও বেশি উচ্চতার। বাকি পাঁচটি শৃঙ্গ- মাউন্ট কে২, নাঙ্গা পর্বত, গ্যাসেরব্রাম ১ এবং ২ এবং ব্রড পিক পাকিস্তানে অবস্থিত এবং বর্তমানে ভারতীয় পর্বতারোহীদের জন্য এটি নিষিদ্ধ। থাম্মেইনেনি ৩০ সেপ্টেম্বর চিনের চো ওয়ু বেস ক্যাম্পে পৌঁছন, কিন্তু খারাপ আবহাওয়া এবং ভারী তুষারপাতের কারণে তাঁকে শৃঙ্গ আরোহণের আগে কিছুটা অপেক্ষা করতে হয়েছিল, যার ফলে তাঁকে বেস ক্যাম্পেই থাকতে হয়।
সফল ভাবে চে ওয়ু শৃঙ্গ আরোহণের পর থাম্মেইনেনি বলেন, "আমরা ১২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করেছিলাম এবং তারপর দ্রুত শৃঙ্গে পৌঁছনোর সিদ্ধান্ত নিই। আজ সকালে চিনের সময় সকাল ৬.৫৫ মিনিটে এবং ভারতীয় সময় সকাল ৮.৫৫ মিনিটে আমি চূড়ায় পৌঁছতে পেরেছি।" বেস ক্যাম্প থেকে চূড়ায় ওঠার সময় কোনও শেরপা তাঁর সঙ্গে না থাকায় থাম্মেইনেনির এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ।
সামিট ক্যাম্প থেকে রেকর্ড করা একটি বার্তায়, এই পর্বতারোহী তাঁর কৃতিত্ব এই দেশের নতুন প্রজন্মের অ্যাডভেঞ্চার স্পোর্টস উৎসাহীদের জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, "এটি কেবল একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতীয় অ্যাডভেঞ্চার স্পোর্টসের সম্ভাবনার প্রমাণ। পাহাড় শ্রদ্ধা, অধ্যবসায় এবং ধৈর্য দাবি করে। আজ চো ওয়ুর চূড়ায় দাঁড়িয়ে আমি এই যাত্রার জন্য অপরিসীম কৃতজ্ঞতা বোধ করছি এবং আশা করি এটি ভারতীয় পর্বতারোহীদের একটি নতুন প্রজন্মকে সর্বোচ্চ শৃঙ্গ জয়ের লক্ষ্যে অনুপ্রাণিত করবে।"