
ভারতের প্যারা অ্যাথলিট শচীন খিলাড়ি
শেষ আপডেট: 4 September 2024 16:12
দ্য ওয়াল ব্য়ুরো: প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে ২১ নম্বর পদক চলে এল। পুরুষদের শটপাট প্রতিযোগীতায় ভারতীয় অ্যাথলিট শচীন খিলাড়ি রুপোর পদক জয় করেছেন। টুর্নামেন্টের সপ্তম দিনে সচিনের হাত ধরেই পদকের খাতা খুলল টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, পুরুষদের শটপাট ইভেন্টের এফ-৪৬ ক্যাটাগরিতে সচিন এই পদক জয় করেন। বিশ্ব চ্যাম্পিয়ন শচীন এফ-৪৬ ক্যাটাগরিতে ১৬.৩২ মিটার দুরত্বে থ্রো করেন। এশিয়ার অ্যাথলিটদের মধ্যে এটাই সর্বাধিক দুরত্ব বলে বিবেচিত হয়েছে। তবে ২০২৩ এবং ২০২৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন সচিন খিলাড়ি কানাডার অ্যাথলিট গ্রেগ স্টিওয়ার্টকে টেক্কা দিতে পারেননি। গ্রেগ স্টিওয়ার্ট ১৬.৩৮ মিটার দুরত্বে থ্রো করে সোনার পদক জয় করেন।
এই ইভেন্টে ভারতের মোট তিনজন অ্যাথলিট অংশগ্রহণ করেছিলেন। মহম্মদ ইয়াসির এবং রোহিত কুমার শেষপর্যন্ত পোডিয়াম ফিনিশ করতে পারেননি। তাঁরা সর্বশ্রেষ্ঠ ১৪.২১ মিটার এবং ১৪.১০ মিটার দুরত্বে থ্রো করেন। ভারতের এই দুই অ্যাথলিট যথাক্রমে অষ্টম এবং নবম স্থান অর্জন করেছেন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে পদক জয় করার পর সচিন ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন। তিনি মোট ৬টি বৈধ থ্রো করেন। এরমধ্যে দ্বিতীয় প্রচেষ্টায় তিনি সর্বশ্রেষ্ঠ থ্রো করেন। শুরু থেকেই সচিন এবং গ্রেগের মধ্যে শীর্ষ দুই স্থানের জন্য লড়াই চলতে থাকে।
চলতি প্যারালিম্পিক গেমসে ভারতের অ্যাথলেটিক্স টিম যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। সচিনের রুপোর পদকের পর ভারতীয় অ্যাথলেটিক্স ঝুলিতে মোট ১১টি পদক এসেছে। ২০২৪ প্যারালিম্পিক্সে ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ড দল পদক জয়ে বড়সড় ভূমিকা গ্রহণ করেছে।
আশা করা যায়, ভারত আগামীদিনে আরও পদক জয় করতে পারবে। টুর্নামেন্টের ষষ্ঠ দিনই ভারত ২০ নম্বর পদক জয় করে টোকিও প্যারালিম্পিক্সের রেকর্ড ভেঙে দিয়েছিল। উল্লেখ্য, টোকিওয় ভারত মোট ১৯টি পদক জয় করেছিল।