
পি ভি সিন্ধু
শেষ আপডেট: 16 January 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় আজ জাপানের মানামি সুইজুকে পরাজিত করেন তিনি। স্কোরলাইন: ২১-১৫, ২১-১৩। ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সের সুবাদে অনেক দিন বাদে পুরোনো সিন্ধুর ঝলক দেখা গেল।
এদিন শুরু থেকেই ঝড়ো মেজাজে ছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। মাত্র ৪৬ মিনিটেই ম্যাচ পকেটে পুরে ফেলেন। দর্শকদের সমবেত উচ্ছ্বাসে ভেসে যাওয়ার পর তিনি বলেন, ‘হ্যাঁ, আমি অত্যন্ত খুশি। সুইজুর বিপক্ষে এই প্রথম খেলতে নেমেছিলাম আজ। বেশ কয়েকটা লম্বা র্যালি খেলতে হয়েছে। তা সত্ত্বেও নিজের একশো শতাংশ উজাড় করে দিয়েছি। কাল যত দ্রুত সম্ভব রিকভার করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।‘
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসের পর এই প্রথম কোনও সুপার ৭৫০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের তারকা। চলতি মাসে মালয়েশিয়া ওপেনে যোগ দিতে পারেননি সিন্ধু। সম্প্রতি বিয়ের সুবাদে খবরের শিরোনামে থেকেছেন। কিন্তু কোর্টের চৌহদ্দিতে তাঁকে খুব একটা সক্রিয় দেখা যায়নি।
এই রাউন্ডে অসুবিধা না হলেও কোয়ার্টার ফাইনালে লড়াই সেয়ানে-সেয়ানে। কারণ তাঁর প্রতিযোগী ইন্দোনেশিয়ার জর্জিয়া মারিস্কা তুনজুং। জর্জিয়া দুনিয়ার ৫ নম্বর প্লেয়ার। যদিও তাঁর বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড যথেষ্ট উজ্জ্বল। এর আগে মোট ১৩ বার মুখোমুখি হয়েছেন দুজন। সিন্ধু জিতেছেন ১০ বার।