
বিয়ে করলেন পিভি সিন্ধু
শেষ আপডেট: 23 December 2024 14:16
দ্য ওয়াল ব্যুরো : অবশেষে বিয়ে করলেন ভারতের ব্যাডমিন্টন সুন্দরী পিভি সিন্ধু। যোধপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে বেঙ্কট দত্ত সাঁইয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।
এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় নাম ছিল কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের। বিয়ের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইতিপূর্বে, গত ১৪ ডিসেম্বর তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল। এই ব্যাপারে সিন্ধু নিজেই তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাবতীয় আপডেট দিয়েছিলেন।
এই বিয়ের অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির ছাপ স্পষ্ট দেখতে পাওয়া গিয়েছে। যোধপুরের সাংসদ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সিন্ধুর বিয়ের প্রথম ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'গত সন্ধ্যায় আমাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন তথা অলিম্পিয়ান পিভি সিন্ধু এবং বেঙ্কট দত্ত সাঁইয়ের বিয়েতে উপস্থিত ছিলাম। দুজনকেই আগামী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছি।'
পিভি সিন্ধুর স্বামী বেঙ্কট দত্ত সাঁই হায়দরাবাদে থাকেন। তিনি পোসিডেক্স টেকনোলজিস সংস্থায় বড় পদে কাজ করেন। বিশেষ করে ফাইন্যান্স, ডেটা সায়েন্স এবং অ্যাসেট ম্যানেজমেন্টে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। পিভি সিন্ধুর বিয়ের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সকলেই এই ব্যাপারে জানার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন।