
জোকোভিচ
শেষ আপডেট: 15 January 2025 15:07
দ্য ওয়াল ব্যুরো: ফের হোঁচট খেলেন। তা সত্ত্বেও উঠলেন পরের রাউন্ডে। আর ভাঙলেন একদা প্রতিপক্ষের রেকর্ড। চুম্বকে এই ছিল অস্ট্রিলায়ান ওপেনে নোভাক জোকোভিচের ঘটনাবহুল দিন।
দ্বিতীয় রাউন্ডে এদিন সার্বিয়ার তারকার সামনে ছিলেন পর্তুগিজ টেনিস খেলোয়াড় জাইমি ফারিয়া। তাঁর বিরুদ্ধে খেলতে নেমে জোকোভিচকে দ্বিতীয় সেট খোয়াতে হয়। টাইব্রেকারে (৬-৭; ৪/৭) গেম পয়েন্ট ছিনিয়ে নেন জাইমি। এরপরই শুরু হয় বৃষ্টি। তার জেরে রড লেভার এরিনার ছাদ ঢেকে ফেলা হয়। বিরতির পর ফের ম্যাচ শুরু হলে ছন্দে ফেরেন জোকোভিচ। তৃতীয় ও চতুর্থ সেটে দুরমুশ করেন প্রতিপক্ষকে (৬-৩, ৬-২)।
প্রথম রাউন্ডেও একইভাবে নিশেষ বাসবরেড্ডির বিরুদ্ধে সমস্যায় পড়েছিলেন সার্বিয়ার তারকা। বাসব চোট পাওয়ার পর ছন্দে ফেরেন জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডেও একই গল্প। তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ চেক টেনিস খেলোয়াড় টমাস মাচাক। যিনি এটিপি র্যাঙ্কিংয়ে ২৬তম স্থানে রয়েছেন।
যদিও এদিনের ম্যাচে রেকর্ড ভাঙার দৌলতে জোকোভিচ নজরে ছিলেন। ওপেন যুগে মোট ৪৩০টি সিঙ্গলস খেলে ফেললেন সার্বিয়ার জোকার। তালিকায় তিনি এক নম্বরে। এর আগে ফেডেরারের হাতে ছিল সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড। এদিন তা ভেঙে দেন জোকোভিচ। লিস্টে তিন নম্বরে রয়েছেন সেরেনা উইলিয়ামস (৪২৩)।
পরের রাউন্ডে যাওয়ার পর জোকোভিচ বলেছেন, ‘আমি খেলাটিকে ভালোবাসি। ভালোবাসি প্রতিযোগিতায় নামতে। ২০ বছরেরও বেশি সময় ধরে আমি গ্র্যান্ড স্ল্যামের সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছি। জিতি চাই হারি—কোর্টে নিজের হৃদয় উজাড় করে দিই। তাই আরেকটা রেকর্ড গড়তে পেরে আমি ভীষণ খুশি।‘