
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 20 September 2024 14:51
দ্য ওয়াল ব্যুরো: ব্যবসা শুরু হয়েছে বেশ কিছুদিন হল। যে ধাপে নিজেকে দেখতে চেয়েছিলেন, সেই ধাপে পৌঁছতে সময় লাগছে বা মনে হচ্ছে, আমার বিক্রিবাট্টা অন্যদের চেয়ে কেন কম। এসবের সঙ্গেই নিত্যদিন ডিল করছে আজকের মহিলা উদ্যোগপতিরা। অনলাইন মার্কেটের রমারমা হওয়ার পর এই পুরো বিক্রিবাট্টার ধরনটাই বদলে গিয়েছে। কী করলে কাস্টমার আসবে, কী করলে বিক্রি বাড়ানো যাবে, মার্কেটি স্ট্র্যাটেজিই বা কী হবে, সেসব নিয়েই নানা প্রশ্ন থাকে মনে। সেই সব প্রশ্নের উত্তর দিতে এবার চলে এসেছে দামিনী ফাউন্ডেশন। মহিলাদের ক্ষমতায়নে তাদের নতুন পদক্ষেপ 'দামিনী সাপোর্টস হার এন্টারপ্রাইস'।
সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল দামিনী ফাউন্ডেশনের এই নতুন পদক্ষেপ সংক্রান্ত একটি অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন ৭ জন মহিলা উদ্যোগপতি ও ফাউন্ডেশনের কর্নধার সঞ্চিতা কুশারী বোস। মহিলাদের ক্ষমতায়নের জন্য তাঁরা ঠিক কী কী ভেবেছেন সে প্রসঙ্গ উঠে আসে এই অনুষ্ঠানে।
ব্যবসার ঠিক কোন দিকগুলিকে নির্বাচন করে সেগুলি নিয়ে কাজ করা প্রয়োজন বা এই প্রতিযোগিতার বাজারে ঠিক কোন বিষয়গুলি মাথায় রেখে মার্কেটি স্ট্র্যাটেজি করা উচিৎ, সে নিয়েই আলোচনা হয় এই দিন। উপস্থিত ছিলেন, ডঃ সিঞ্জিনি মিত্র, ইন্দ্রাণী ব্যানার্জি, তনুজা চৌধুরি, সুদক্ষিণা মুখার্জি, আলিফিয়া রহমান, দেবযানী রায় চৌধুরি, কনা মণ্ডল। এঁরা প্রত্যেককেই ব্যবসায়ে সফল ও মহিলাদের নিজেদের সাফল্য থেকে বিভিন্ন টিপস দিতে, তাঁর সাহায্য করতে প্রস্তুত।