
ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া
শেষ আপডেট: 22 October 2024 11:46
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্স টুর্নামেন্টে ২ বার পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। আপাতত তিনি গোটা দেশের কাছে চোখের মনি হয়ে রয়েছেন। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ের পাশাপাশি ২০২০ টোকিও অলিম্পিক্সে তিনি সোনার পদক জয় করেছিলেন। সম্প্রতি তাঁকে বায়োপিকের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জবাবে নীরজ চোপড়া জানিয়েছেন, এখনও এই ব্যাপারে সঠিক সময় আসেনি।
বিষয়টা ব্যাখ্যা করে নীরজ বললেন, 'আমি মনে করি, একজন খেলোয়াড় অবসর গ্রহণ করার পরই তাঁর বায়োপিক তৈরি করা উচিত। আমরা বিভিন্ন খেলোয়াড়ের মাইলস্টোনের উপরে বায়োপিক দেখেছি। তবে আমি মনে করি, দেশের জন্য যত বেশি পদক জেতা সম্ভব হবে, ততই ভাল। অবসর গ্রহণের পর যদি বায়োপিক তৈরি হয়, তাহলে তার একটা আলাদাই গুরুত্ব থাকে। কারণ গল্পের মধ্যে আরও বেশি মশলা থাকবে।'
এরপর তাঁকে প্রশ্ন করা হয় যে নিজের বায়োপিকে বলিউডের কোনও অভিনেতাকে তিনি দেখতে চান। জবাবে নীরজ বললেন, 'আমার চরিত্রে সেইসময় কাকে ফিট করবে, সেটা এখন থেকে বলতে পারব না। তবে আপাতত আমার ইচ্ছে যে চরিত্রটা রণদীপ হুডা করুক।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'রণদীপ একজন বড় মাপের অভিনেতা। হরিয়ানা থেকে উনি উঠে এসেছেন। আমার চরিত্রে যিনিই অভিনয় করুন না কেন, ভাষাটা ঠিকঠাক বলা দরকার।'
নিজে কি কখনও অভিনয় জগতে পা রাখার ব্যাপারে চিন্তাভাবনা করছেন? জবাবে নীরজ চোপড়া বললেন, 'সিনেমায় অভিনয় করা অত্যন্ত কঠিন একটা বিষয়। তবে ছোটখাট বিজ্ঞাপন আমি করতে পারি। আমার ক্রেডিট কার্ডের বিজ্ঞাপন দর্শকরা খুব পছন্দ করেন। তবে এটা আমার কাছে অত্যন্ত কঠিন একটা বিষয়। তবে আমি অভিনয়ে একেবারেই স্বচ্ছ্বন্দ্য নই।'