
সাত পাকে বাধা পড়লেন নীরজ চোপড়া
শেষ আপডেট: 19 January 2025 22:29
দ্য ওয়াল ব্যুরো : জল্পনা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে আইবুড়ো দশা কাটিয়েই ফেললেন ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন নীরজ চোপড়া। সেখানে তিনি লিখেছেন, 'পরিবারের সঙ্গে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম। আমাদের দুজনকে আপনারা সকলেই আশীর্বাদ করুন।' এই পোস্টেই নীরজ জানিয়েছেন তাঁর স্ত্রী'র নাম হিমানি।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে সোনার পদক জয় করেছিলেন নীরজ চোপড়া। এমনকী, গত বছর প্যারিস অলিম্পিক্সেও তিনি রুপোর পদক জয় করেছিলেন। তারপর থেকেই এই ভারতীয় অ্যাথলিটের বিয়ে প্রসঙ্গে গুঞ্জন শুরু হয়ে যায়। কিন্তু, বিয়ের ব্যাপারে নীরজ বরাবরই নীরবতা পালন করেন। নিজের জীবন সঙ্গিনীর ব্যাপাারে কখনও কোনও কথা বলেননি তিনি। এরপর আচমকা বিয়ে করে সবাইকে কার্যত চমকেই দিয়েছেন।
প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়া রুপোর পদক জয় করেছিলেন। তিনি ৮৯.৪৫ মিটার দুরত্বে বর্শা ছোড়েন। যদিও এই ইভেন্টে সোনার পদক জয় করেছিলেন পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিম। তিনি ৯২.৯৭ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন।
সম্প্রতি আমেরিকার একটি সংবাদমাধ্যম 'ট্র্য়াক অ্যান্ড ফিল্ড নিউজ' নীরজ চোপড়াকে ২০২৪ সালে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরুষ অ্যাথলিটের খেতাব দিয়েছিল। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার একটি পত্রিকা ২০২৪ সালের ক্রমতালিকায় শীর্ষস্থানে রেখেছিল নীরজ চোপড়াকে।