
চুপিচুপি বিয়ে সারলেন নীরজ চোপড়া
শেষ আপডেট: 20 January 2025 20:08
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন ভারতের জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া। রবিবার (১৯ জানুয়ারি) তিনি নিজেই সেকথা অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন।
২০২০ সালে আয়োজিত টোকিও অলিম্পিক্সের পরই নীরজ চোপড়া প্রচারের আলোয় উঠে আসেন। ৮৭.৫৮ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে তিনি সোনার পদক জয় করেছিলেন। এরপর ২০২৪ প্যারিস অলিম্পিক্সেও তাঁর মুকুটে আরও একটি পালক যুক্ত হয়েছে। গত বছর আয়োজিত অলিম্পিক্সের আসরে তিনি রুপোর পদক জয় করেন।
নীরজ নিজে প্রচারের আলোয় থাকলেও ব্যক্তিগত জীবন একেবারে সামনে আনতে চান না। সম্প্রতি তাঁর বিয়ের পরই ভারতের এই তারকা অলিম্পিয়ানের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে খোঁজখবর শুরু হয়ে গিয়েছে।
২০২৪ সালে পাওয়া শেষ খবর অনুসারে, নীরজ চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ মোট ৩৭ কোটি টাকা। বিভিন্ন জায়গা থেকে দেশের এই তারকা অ্যাথলিট অর্থ উপার্জন করে থাকেন। এরমধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকেই সিংহভাগ উপার্জন আসে। এর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীতে তিনি জুনিয়র কমিশন অফিসার হিসেবে রয়েছেন।
এনডিটিভি স্পোর্টসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নীরজ চোপড়া প্রতি মাসে নাকি ৩০ লাখ টাকা উপার্জন করে থাকেন। বছরে আনুমানিক ৪ কোটি টাকা।
মাসিক আয়ের পাশাপাশি নীরজ বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসাডার হিসেবে যুক্ত রয়েছেন। সেখান থেকেও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের অর্থ ঢোকে। জানা গিয়েছে, নীরজ প্রায় ২৪ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে আন্ডার আর্মার, ওমেগা, জিলেট, স্যামসাং এবং ভিসা।
রেডিট পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, প্যারিস অলিম্পিক্সের ফাইনালে নীরজ চোপড়ার হাতে একটি OMEGA Seamaster AquaTerra 150M ঘড়ি ছিল। এই ঘড়িটার দাম আনুমানিক ৫০ লাখ টাকা।
এবার নীরজ চোপড়ার সম্পত্তির কথায় আসা যাক। খান্দ্রায় তাঁর একটি তিনতলা বিলাসবহুল বাংলো রয়েছে। এর পাশাপাশি তাঁর গ্যারাজে রয়েছে কোটি কোটি টাকার গাড়ি। এই তালিকায় রয়েছে ২ কোটি টাকার রেঞ্জ রোভার, ৯৩.৫২ লাখ টাকার ফোর্ড মাস্টাং জিটি। রয়েছে একটা টয়োটা ফরচুনারও। এটার দাম আনুমানিক ৪৫ লাখ টাকার আশপাশে হবে।