
অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাকর
শেষ আপডেট: 23 December 2024 13:36
দ্য ওয়াল ব্যুরো : প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী মনু ভাকরের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিস্তর জলঘোলা। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামাসুব্রাহ্মণ্যমের নেতৃত্বে একটি ১২ সদস্যের বোর্ড গঠণ করা হয়েছে। কিন্তু, এই বোর্ডের পক্ষ থেকে মনুর নাম মনোনয়ন করা হয়নি।
সূত্রের খবর, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে নাকি দাবি করা হয়েছে যে এই পুরস্কারের জন্য মনু আবেদন করেননি। মনুর বাবা রামকৃষ্ণ জানিয়েছেন, এই পুরস্কারের জন্য তাঁরা আবেদন করেছিলেন। কিন্তু, কমিটির পক্ষ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি।
ইন্ডিয়া টুডে-কে রামকৃষ্ণ জানিয়েছেন, 'যদি একটা পুরস্কারের জন্য় এমন ভিক্ষা করতে হয়, তাহলে দেশের জন্য জোড়া পদক জিতে লাভ কী?'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'একজন সরকারি কর্মচারী যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করছেন। আর কমিটির বাকি সদস্যরা সবাই চুপ করে রয়েছেন। কেউ নিজের মতামত জানাচ্ছেন না। কেন এমনটা হচ্ছে, সেটাই আমি বুঝতে পারছি না। এভাবেই একজন অ্যাথলিটকে উৎসাহ দেওয়া হয়?'
সবশেষে তিনি বললেন, 'আমরা এই পুরস্কারের জন্য আবেদন করেছিলাম। কিন্তু, কমিটির পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। তাহলে কেন বাবা-মায়েরা তাঁদের সন্তানদের এইসব খেলার জন্য উৎসাহ দেবে? তার থেকে বরং পড়াশোনা করে কোনও সরকারি চাকরি পাওয়া অনেক ভাল।'