
আটপৌঢ়ে শাড়ির বাঙালিয়ানায় মনু ভাকর
শেষ আপডেট: 6 October 2024 15:55
দ্য ওয়াল ব্যুরো: আগে কখনও কলকাতায় এসে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করেননি ভারতের তারকা মহিলা শুটার মনু ভাকর। শনিবার কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় এসে জীবনের এক নয়া অভিজ্ঞতা সঞ্চয় করে গেলেন তিনি। পাশাপাশি লাল-পাড় সাদা শাড়িতে তিনি তিলোত্তমার হৃদয়ও জয় করলেন।
প্রসঙ্গত, শনিবার স্বনামধন্য ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতা এসেছিলেন মনু। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জয়ের পর তাঁর ব্যস্ততার সূচক আপাতত যথেষ্ট উর্ধ্বমুখী। তার মধ্যেও কলকাতায় পা রেখে মনু বললেন, 'কলকাতায় এই প্রথমবার শাড়ি পরে ঠাকুর দেখলাম। এমন অভিজ্ঞতা আমার আগে কখনও হয়নি। তবে দুর্গাপুজোর সময় কলকাতা না এলে, জীবনের একটি বড় অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতাম। স্মরণীয় একটি মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম।'
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই বছর দুর্গাপুজোর উচ্ছ্বাসে কিছুটা হলেও ভাটা পড়েছে। তবে মনুর কলকাতা আগমন সেই নিস্তেজ উৎসবে কিছুটা হলেও প্রাণ সঞ্চার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত না থাকতে পারলেও, মনুর জন্য় তিনি সাড়ে ৭ গ্রাম ওজনের বিশ্ব বাংলা পেনডেন্ট চেন-সহ উপহার পাঠিয়ে দিয়েছেন। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু সেই উপহার মনুর হাতে তুলে দেন। পাশাপাশি তিনি নিজে গোল্ড প্লেটেড রুপোর বন্দুকের স্মারক এবং এক হাঁড়ি রসগোল্লা মনুর হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন।
VIDEO | West Bengal Minister Sujit Bose (@sujitboseaitc) facilitates double Olympic medallist Manu Bhaker (@realmanubhaker) at Sreebhumi Durga Puja pandal in Kolkata.
— Press Trust of India (@PTI_News) October 5, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/GNbFvza2fg
প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জজয়ী মনু বললেন, 'প্রত্যেক ক্রীড়াবিদই অলিম্পিক্স টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায়। এটা সকলের কাছেই একটা স্বপ্ন। পদক পাওয়া সেই স্বপ্নের থেকেও বড় কিছু। দেশকে বিভিন্ন মঞ্চে আমি আরও পদক জয় করতে চাই।'