.jpg)
ভারতের মহিলা শুটার মনু ভাকর
শেষ আপডেট: 24 December 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো : ভারতের মহিলা শুটার মনু ভাকরকে নিয়ে সম্প্রতি বিতর্কের ঢেউ উঠতে শুরু করেছে। অভিযোগ, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপকদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে শেষপর্যন্ত মুখ খুলেছেন প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় শুটার। একটি বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন, পুরস্কার একজন খেলোয়াড়কে অনুপ্রাণিত করে। কিন্তু, কখনই সেটা চূড়ান্ত লক্ষ্য হতে পারে না।
ইনস্টাগ্রামে একটি স্টোরিতে তিনি লিখেছেন, 'একজন অ্যাথলিট হিসেবে আমার জীবনের একমাত্র লক্ষ্য হল খেলা এবং দেশের জন্য পারফর্ম করা।' পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, পুরস্কার এবং সম্মান একজন অ্যাথলিটকে অনুপ্রাণিত করতে পারে। কিন্তু, তাঁর যাত্রাপথ নির্ধারণ করতে পারে না। মনুর কথায়, মনোনয়ন প্রক্রিয়াতেই কোনও গাফিলতি হয়েছে। বিষয়টা যথাযথ জায়গায় তুলে ধরার চেষ্টাও করা হচ্ছে।
ইতিমধ্যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মনু নাকি এই পুরস্কারের জন্য আবেদনই করেননি। যদিও তাঁর বাবা রাম কিষান এই অভিযোগ খণ্ডন করেছেন। তাঁর বক্তব্য, পুরস্কারের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনও জবাব দেয়নি।
তবে এই বিতর্কের মধ্যেও মনু নিজের পারফরম্য়ান্সের উপরেই যাবতীয় ফোকাস ধরে রাখতে চান। তিনি বললেন, 'আমি যাবতীয় পুরস্কার সংক্রান্ত বিতর্ক দুরে সরিয়ে রাখতে চাই। দেশের জন্য আমি আপাতত আরও বেশি পদক জয়ের লক্ষ্যেই তাকিয়ে রয়েছি।' পাশাপাশি ব্যাপারটা নিয়ে সাধারণ মানুষজনকেও তিনি বিতর্ক ছড়াতে বারন করেছেন।
জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামাসুব্রাহ্মণ্যমের নেতৃত্বে একটি ১২ সদস্যের বোর্ড গঠণ করা হয়েছে। কিন্তু, এই বোর্ডের পক্ষ থেকে মনুর নাম মনোনয়ন করা হয়নি। এই তালিকায় নাম রয়েছে ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারের।