
হকি বেঙ্গলের প্রাক্তন সভাপতি স্বপন বন্দ্যেপাধ্যায়
শেষ আপডেট: 6 October 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: হকি বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রশাসনিক পদে বড়সড় রদবদল দেখতে পাওয়া গেল। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়কে এই পদ থেকে সরানো হয়েছে। তাঁর জায়গায় বসানো হয়েছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে।
প্রসঙ্গত, গত ১২ বছর ধরে স্বপন বন্দ্যোপাধ্যায় এই পদে ছিলেন। কিন্তু, শনিবার হকি বেঙ্গলের নয়া সভাপতি হিসেবে সুজিত বসুর নাম ঘোষণা করা হয়েছে।
কিন্তু, এতদিন পর কেন আচমকা এই পদের পরিবর্তন করা হল? তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জল্পনা শুরু হয়েছে। ২০১২ সালে স্বপন বন্দ্যোপাধ্যায় যখন সভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন, সেইসময় নাম ছিল বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন। কিন্তু এখন সেই নাম বদলে হয়েছে হকি বেঙ্গল। ঘনিষ্ট সূত্রের খবর, গত ১২ বছরের বাংলায় হকির যে 'উন্নয়ন' হয়েছে, সেদিকে তাকিয়েই নাকি এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তবে হকি বেঙ্গলের এক আধিকারিক জানিয়েছেন, ১২ বছর সভাপতি থাকার পর স্বপন বন্দ্যোপাধ্যায়কে কুলিং পিরিয়ডে যেতেই হত। সেকারণেই তাঁকে নাকি নতুন কমিটিতে রাখা হয়নি। তবে অনেকে আবার বলছেন যে ভারতীয় হকি ফেডারেশনে এমন কোনও নিয়মের কথাই নাকি উল্লেখ নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে, তা প্রকারান্তরে বলা যেতেই পারে।
তবে এই ব্যাপারে স্বপন বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি। সূত্রের খবর, অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তে তিনি যারপরনাই হতাশ। এমনকী, সুজিত বসুকে যে তাঁর জায়গায় বসানো হচ্ছে, সেই ব্যাপারেও কিছু জানানো হয়নি। গত মাসের শেষ সপ্তাহে সুজিত বসু নিজেই ফোন করেন এবং স্বপন বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টা জানান। আপাতত, তিনি যাবতীয় বিতর্ক থেকে নিজেকে দুরে সরিয়ে রাখতে চান।