
কোনেরু হাম্পি
শেষ আপডেট: 29 December 2024 21:22
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪ সালটা ভারতীয় দাবার কাছে যথেষ্ট স্মরণীয় হয়ে থাকবে। চলতি বছরের একেবারে শেষলগ্নে ভারতীয় মহিলা দাবাড়ু হাম্পি কোনেরু এক অসাধারণ কৃতিত্ব অর্জন করলেন।
সম্প্রতি ১৮ বছর বয়সি ডি গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। এবার ৩৭ বছর বয়সি হাম্পি কোনেরু ইতিহাস রচনা করলেন। বিশ্ব ব়্যাপিড দাবা খেতাব জয় করেছেন তিনি। তার থেকেও বড় ব্যাপার হল, হাম্পি এই নিয়ে দ্বিতীয়বার এই খেতাব জয় করলেন। ভারতের হাম্পি কোনেরু ইন্দোনেশিয়ার ইরিন সুকন্দরকে হারিয়ে দিয়েছেন।
ভারতের হাম্পি কোনেরু এই নিয়ে দ্বিতীয়বার এই খেতাব অর্জন করলেন। ২০১৯ সালে প্রথমবার তিনি জর্জিয়ায় এই শিরোপা জয় করেছিলেন। পাঁচ বছর পর আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল।
হাম্পির এই ঐতিহাসিক জয় গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। ডি গুকেশের সাফল্যের পর গোটা দেশ আরও একবার হাম্পির এই সাফল্যে গর্ববোধ করছে। ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
যদি এই লড়াই ড্র হয়ে যেত, তাহলে হাম্পির পাঁচ বছরের স্বপ্ন চুরমার হয়ে যেত। এই জয়টা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শেষপর্যন্ত ইরিন সুকন্দরকে পরাস্ত হয়ে নিজের স্বপ্নপূরণ করলেন। ভারতের এই গ্র্যান্ডমাস্টার ১১-র মধ্যে ৮.৫ পয়েন্ট অর্জন করেছেন।
দ্বিতীয়বার বিশ্ব ব়্যাপিড খেতাব জয় করার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন হাম্পি। তিনি বললেন, 'এই মুহূর্তে আমার খুশি কার্যত আকাশছোঁয়া হয়ে হিয়েছে। কারণ এটা আমার দ্বিতীয় বিশ্ব ব়্যাপিড খেতাব। এর আগে ২০১৯ সালে জিতেছিলাম।'
৩৭ বছর বয়সি এই দাবাড়ু আরও যোগ করেন, 'যখনই আমি কেরিয়ারে ব্যর্থ হই, ভাবি যে হেরে যাচ্ছি, ঠিক তখনই কোনও না কোনও একটা ম্য়াজিক ঘটে। এবং জিতে আবারও ফিরে আসি। এই জয় আমাকে আগামীদিনে লড়াইয়ের জন্য অনুপ্রাণিত করবে।'