বুধবার হেভিওয়েট বক্সার নূপুর শিওরান উজবেকিস্তানের ওলটিনয় সোটিমবোয়েভাকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম পদক নিশ্চিত করেছেন।

জেসমিন ও নূপুর
শেষ আপডেট: 11 September 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (World Boxing Championships) সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন ভারতের দুই বক্সার জেসমিন ল্যাম্বোরিয়া ও নূপুর শিওরান (Jaismine, Nupur assure India medals)। তবে শেষ আট থেকেই বিদায় নিয়েছেন ভারতের তারকা মহিলা বক্সার নিখাত জারিন।
বুধবার হেভিওয়েট বক্সার নূপুর শিওরান উজবেকিস্তানের ওলটিনয় সোটিমবোয়েভাকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম পদক নিশ্চিত করেছেন। তবে দুইবারের চ্যাম্পিয়ন নিখাত জারিন কোয়ার্টার ফাইনালে তুরস্কের কাকিরোগলু বুসে নাজের কাছে ০-৫ ব্যাবধানে হেরে গিয়েছেন।
কিংবদন্তি বক্সার হাওয়া সিংয়ের নাতনি নূপুর উজবেকিস্তানের প্রতিপক্ষকে ৪-১ ব্যাবধানে পরাজিত করে ৮০ কেজির বেশি বিভাগের শেষ চারে প্রবেশ করেছেন। এই বিভাগে মাত্র ১০ জন বক্সার অংশগ্রহণ করছিলেন। এই জয়ের মাধ্যমে, নূপুর কমপক্ষে একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।
অপর দিকে বিশ্ব বক্সিং কাপের সোনাজয়ী জেসমিন উজবেকিস্তানের খুমোরাবোনু মামাজোনোভাতোকে পরাজিত করে ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে তাঁর স্থান নিশ্চিত করেছেন। জেসমিন তাঁর প্রতিপক্ষকে হারিয়েছেন ৫-০ ব্যাবধানে।
এর আগে, মঙ্গলবার রাতে, যদুমণি সিং (৪৮ কেজি) এবং অবিনাশ জামওয়াল (৬৫ কেজি) সহজ জয় তুলে নিয়ে পুরুষদের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেন।