চিনের কাছে হেরে যাওয়ার পর ফাইনালে ওঠা ভারতের কাছে বেশ কঠিন হয়ে উঠল। ফাইনালে উঠতে হলে পরবর্তী ম্যাচে জাপানের কাছে কোনওমতে হারা চলবে না ভারতের।

ভারত বনাম চিন
শেষ আপডেট: 12 September 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের এশিয়া কাপ হকিতে (Women’s Asia Cup Hockey) ভালই ছুটছিল ভারত। সুপার ফোরের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারায় ওমেন্স ইন ব্লুজ। কিন্তু দ্বিতীয় ম্যাচেই তারা মুখ থুবড়ে পড়ল। চিনের কাছে ভারতের মেয়েরা শোচনীয় ভাবে হেরে গিয়েছে ১-৪ গোলে (India Losing to China)।
চিনের কাছে হেরে যাওয়ার পর ফাইনালে ওঠা ভারতের কাছে বেশ কঠিন হয়ে উঠল। ফাইনালে উঠতে হলে পরবর্তী ম্যাচে জাপানের কাছে কোনওমতে হারা চলবে না ভারতের। ড্র করলেই অবশ্য ফাইনালে চলে যাবেন মুমতাজ, নবনীতরা। পুল পর্বে অবশ্য ভারত জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল, যা তাদের আত্মবিশ্বাস জোগাবে। অন্যদিকে, ভারতকে হারিয়ে চিন ইতিমধ্যেই ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে। টুর্নামেন্টের ফাইনাল রবিবার অনুষ্ঠিত হবে।
সুপার-৪ ম্যাচে চিনের বিপক্ষে ভারতের পরাজয় ছিল টুর্নামেন্টে হরেন্দ্র সিংয়ের ছাত্রীদের প্রথম পরাজয়। চিনের বিরুদ্ধে ভারত বড় ব্যবধানে হেরে গেলেও বেশিরভাগ সময় অবশ্য বলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছে। এই ম্যাচে ভারত অনেক সুযোগ তৈরি করলেও ফিনিশিং দুর্বল থাকায় গোল আসেনি। বিশেষ করে তিনটি পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তর করতে না পারার জন্য দলকে হারের মূল্য দিতে হয়েছে।
ভারতীয় দলের প্রধান কোচ হরেন্দ্র সিংয়ের কাছে দলের খারাপ ফিনিশিং নিয়ে রীতিমতো উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তিনি আশা করছেন, পরের ম্যাচে স্ট্রাইকার লাইন সুযোগ তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলিকে গোলে পরিণত করতে পারবে। মুমতাজ খান টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং কিছু দুর্দান্ত ফিল্ড গোল করেছেন। তবে, নবনীত কৌরের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে আরও সমর্থন প্রয়োজন।