.webp)
ভারতীয় হকি দল
শেষ আপডেট: 17 September 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত এবং চিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। তবে এই ম্যাচে শেষপর্যন্ত টিম ইন্ডিয়া বাজিমাত করে। এই ম্যাচে ভারতীয় হকি দল ১-০ ব্যবধানে জয়লাভ করে। ভারতের হয়ে গোল করেছেন যুগরাজ সিং।
এই ম্যাচের শুরু থেকে ভারত এবং চিন আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে। যদিও ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। টিম ইন্ডিয়া বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষপর্যন্ত ফিনিশ করতে পারেনি। আশা ছিল, দ্বিতীয় কোয়ার্টারে টিম ইন্ডিয়া হয়ত ঘুরে দাঁড়াতে পারবে।
দ্বিতীয় কোয়ার্টারেও ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। তবে প্রথম ৩০ মিনিটে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। সবথেকে বড় কথা হল, বল দখলের লড়াইয়ে টিম ইন্ডিয়া (৮৪ শতাংশ) এগিয়ে ছিল। কিন্তু, এগিয়ে থাকলেও তারা কোনওভাবেই চিনের পাঁচিল ভাঙতে পারছেন না। ভারত বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছিল। ভারত যেখানে চারটে পেনাল্টি কর্নার পেয়েছিল, সেখানে চিনের ঝুলিতে এসেছিল মাত্র একটা। কিন্তু, শেষপর্যন্ত বিপক্ষের জালে বল জড়াতে পারেনি।
তৃতীয় কোয়ার্টারের ৩৫ মিনিটে গুরজ্যোতের কাছে গোলের সুযোগ এলেও, সেটা তিনি মিস করে ফেলেন। তবে চিন বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু, শেষপর্যন্ত ভারতীয় ডিফেন্সের কাছে তারা প্রতিহত হয়। চিনের কাছে পেনাল্টি কর্নার থেকেও গোল করার সুযোগ এসেছিল। কিন্তু, সেটাও তারা করতে পারেনি।
অবশেষে চিনের প্রাচীর ভাঙলেন যুগরাজ সিং। ৫১ মিনিটে তিনি টিম ইন্ডিয়াকে ১-০ গোলের লিড দিলেন। তবে এই গোলের ক্ষেত্রে ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীতের অবদান অনস্বীকার্য। তিনি ডান দিক থেকে চিনের ডিফেন্স ভেঙে সুযোগ তৈরি করেন। এরপর যুগরাজ আর কোনও ভুল করেননি।