শেষ মুহূর্তে সমতা ফেরানোর দুর্দান্ত সুযোগ এসেছিল ভারতের, কিন্তু পরপর ছয়টি পেনাল্টি কর্নার পেলেও একটি থেকেও গোল আসেনি।

ভারত বনাম অস্ট্রেলিয়া
শেষ আপডেট: 19 October 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সুলতান অফ জোহর কাপ (Sultan of Johor Cup Hockey 2025) হকি টুর্নামেন্টের টান টান উত্তেজনার ফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) কাছে ১-২ গোলে হেরেছে ভারতীয় জুনিয়র পুরুষ হকি দল। শেষ মুহূর্তে সমতা ফেরানোর দুর্দান্ত সুযোগ এসেছিল ভারতের, কিন্তু পরপর ছয়টি পেনাল্টি কর্নার পেলেও একটি থেকেও গোল আসেনি।
ম্যাচের শুরুটা তিনবারের চ্যাম্পিয়ন ভারত শুরু করেছিল ভাল ছন্দেই। কিন্তু ১৩ মিনিটে অস্ট্রেলিয়ার ইয়ান গ্রোবেলার ড্র্যাগ ফ্লিকের মাধ্যমে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারত ফিরে আসে এবং ১৭ মিনিটে আনমোল এক্কা পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান। তৃতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। এরপর ৫৯ মিনিটে অস্ট্রেলিয়া একটি পেনাল্টি কর্নার পায়। পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গ্রোবেলার।
শেষ মুহূর্তে ভারত টানা ছয়টি পেনাল্টি কর্নার পেয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাগনাস ম্যাককসল্যান্ড দুর্দান্ত সেভ করে ভারতের সমতা ফেরানোর আশায় জল ঢেলে দেন। ফাইনালে হেরে গিয়ে ভারত পঞ্চমবারের মতো সুলতান অফ জোহর কাপে রানার্সআপ হয়েছে। তবে, এবারের পারফরম্যান্স গত দুটি সংস্করণের চেয়ে ভাল ছিল। কারণ ভারত আগের দুবারই ব্রোঞ্জ জিতেছিল। পাশাপাশি এই জয়ের মাধ্যমে, অস্ট্রেলিয়া ২০২২ সালের ফাইনালে ভারতের কাছে তাদের হারের প্রতিশোধ নিয়েছে এবং টুর্নামেন্টের চতুর্থ খেতাব জিতেছে।