বুধবার তিন রাউন্ড শেষে গুকেশ চার পয়েন্ট নিয়ে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

ডি গুকেশ
শেষ আপডেট: 3 July 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি নরওয়ে দাবায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়েও খেতাব জিততে পারেননি ডি গুকেশ (D Gukesh)। সেই টুর্নামেন্ট বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ শেষ করেছিলেন তৃতীয় স্থানে থেকে। এবার ফের আরও একটি প্রতিযোগিতায় নেমেছেন এই ভারতীয় গ্র্যান্ড মাস্টার।
গ্র্যান্ড চেজ ট্যুর র্যাপিড ২০২৫ (Grand Chess Tour Rapid 2025)-এর জাগ্রেব (Zagreb) পর্বের প্রথম রাউন্ডে হেরে গেলেও দিন শেষে চমক দেখিয়ে শীর্ষে উঠে এসেছেন গুকেশ।
বুধবার তিন রাউন্ড শেষে গুকেশ চার পয়েন্ট নিয়ে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন, ওয়েসলি সো ও ইয়ান ক্রিশ্টোফ দুদারের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন।
টুর্নামেন্টে শুরুটা অবশ্য ভাল হয়নি ভারতীয় দাবাড়ুর। পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার দুদারের কাছে প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন গুকেশ। তবে পরবর্তী দুই রাউন্ডে ভারতীয় গ্র্যান্ড মাস্টার বুঝিয়ে দেন, কেন তিনি বিশ্বচ্যাম্পিয়ন। দ্বিতীয় রাউন্ডে গুকেশ হারান ইরানের অলিরেজা ফিরুজজাকে। এরপর তৃতীয় রাউন্ডে তাঁর কাছে হার মানেন ভারতেরই রমেশবাবু প্রজ্ঞানন্দ।
অন্যদিকে, নরওয়ের গ্র্যান্ডমাস্টার ও বিশ্ব দাবার কিংবদন্তি ম্যাগনাস কার্লসেন প্রথম দিনে দুই ড্র এবং একটি জয় নিয়ে চার পয়েন্ট অর্জন করেছেন।