
ভারতের প্রাক্তন মহিলা বাস্কেটবল কোচ অনিতা রায়
শেষ আপডেট: 7 September 2024 15:48
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যজুড়ে আন্দোলন অব্যাহত। যত দিন এগোচ্ছে, ততই এই আন্দোলন জনরোষে পরিণত হচ্ছে। শনিবার এই প্রতিবাদেই পা মেলালেন ভারতের প্রাক্তন মহিলা বাস্কেটবল কোচ অনিতা রায়। তিনি অভিযোগ করেন, 'আমাদের রাজ্যে ধর্ষকদের শাস্তি দেওয়া হয় না। সেকারণেই দিনের পর দিন ধর্ষণের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। আসলে ধর্ষকদের আশ্রয় দেওয়া হয়।'
অনিতা রায় বললেন, 'আরজি কর মেডিক্যাল কলেজের এই ঘটনাটি শুধুমাত্র আমাদের রাজ্য কিংবা দেশ নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বিচারের দাবিতে আজ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছেন। যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমরা রাত জেগেছি। ভোরবেলা মিছিল করেছি। এবার যদি কোনও পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা আবারও নবান্ন ঘেরাও করব।'
ভারতের প্রাক্তন মহিলা বাস্কেটবল কোচের কথায়, 'কোনও ধর্ষণকেই আমরা সমর্থন করি না। কেন এই ধর্ষণ বেড়েই চলেছে? তার পিছনে একটাই কারণ রয়েছে। কোনও শাস্তি হয় না। যারা ধর্ষণ করে, তাদের কখনও শাস্তি দেওয়ার কথা আমরা শুনতে পাইনি। বরং তাদের সাপোর্ট দেওয়া হয়, তাদের শেল্টার দেওয়া হয়। সেকারণেই আজ এত ধর্ষণের সংখ্যা বেড়ে গিয়েছে।'