.webp)
ভিনেশ বজরংয়ের বিরুদ্ধে তোপ ব্রিজভূষণের
শেষ আপডেট: 7 September 2024 11:54
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠলেও পদক জিততে পারেননি ভারতীয় মহিলা অ্যাথলিট ভিনেশ ফোগত। ফাইনাল ম্যাচের আগে তাঁকে 'অযোগ্য' ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এবার ভিনেশের বিরুদ্ধে তোপ দাগলেন।
ভারতীয় মহিলা অ্যাথলিট ভিনেশ ফোগতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন ব্রিজভূষণ। তিনি দাবি করেছেন, ঈশ্বর ভিনেশ ফোগতকে শাস্তি দিয়েছেন। সেকারণেই উনি পদক জয় করতে পারেননি। প্রসঙ্গত, ভিনেশ ইতিপূর্বে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের মারাত্মক অভিযোগ তুলেছিলেন।
ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি বললেন, 'আমি ভিনেশকে শুধুমাত্র একটাই প্রশ্ন করতে চাই যে একজন খেলোয়াড় কি কখনও একইদিনে দুটো আলাদা ওজনের ক্যাটাগরিতে ট্রায়াল দিতে পারে? কখনও ওজনের পর ট্রায়াল পাঁচ ঘণ্টার জন্য আটকে রাখা যায়? আপনি কুস্তি জিততে পারেননি। কার্যত প্রতারণা করে আপনি ওখানে গিয়েছেন। সেকারণেই ঈশ্বর আপনাকে শাস্তি দিয়েছেন।'
উল্লেখ্য, হরিয়াণা বিধানসভা নির্বাচনে লড়াই করবেন তিনি। কংগ্রেসের পক্ষ থেকে ভিনেশকে জুলানা আসনের টিকিট দেওয়া হয়েছে। আর এই ঘটনার একদিন পরেই এহেন মন্তব্য করলেন বৃজভূষণ। এই বিজেপি নেতা আরও অভিযোগ করেছেন, বজরং পুনিয়া ট্রায়াল শেষ না করেই এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিলেন।
একটি সংবাদ সংস্থাকে ব্রিজভূষণ বললেন, 'ক্রীড়াক্ষেত্রে হরিয়াণা ভারতের মুকুট। আর উনি প্রায় আড়াই বছর কুস্তির কার্যত কণ্ঠরোধ করেছেন। বজরং পুনিয়া যে ট্রায়াল শেষ না করেই এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিলেন, এটা কি সত্যি নয়? আমি বিশেষজ্ঞদের কাছেই এই প্রশ্নের উত্তর চাই।'