
শেষ আপডেট: 20 January 2025 11:45
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে মহারণ। মুখোমুখি নোভাক জোকোভিচ-কার্লোস আলকারাজ। ৩৭ বছরের সার্বিয়ার তারকা এবার রড লেভার এরিনায় নেমেছেন রেকর্ড সংখ্যক ২৫তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যকে সামনে নিয়ে।
টেনিস অনুরাগীরা অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই এই দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন। এমনিতে দুই মহারথীর লড়াই সেয়ানে-সেয়ানে। এর আগে গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে মোট সাতবার মুখোমুখি হয়েছেন দুজন। যেখানে জোকোভিচ জিতেছেন চারবার, আলকারাজ তিনবার। শেষবার তাঁদের একে অপরের বিরুদ্ধে কোর্টে নামতে দেখা যায় প্যারিস অলিম্পিক্সের ফাইনালে। যেখানে জোকোভিচ জয়লাভ করেন। এবার শেষ হাসি কে হাসেন, সেটাই দেখার পালা।
অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে দুই হেভিওয়েট মুখোমুখি হননি। এমনিতে মেলবোর্ন পার্ক বরাবরই জোকোভিচের প্রিয় বধ্যভূমি। এই নিয়ে ১৫ বার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠলেন সার্বিয়ার খেলোয়াড়। একমাত্র রজার ফেডেরার ছাড়া আর কারও এই রেকর্ড নেই।
তাই অভিজ্ঞতা, দ্বৈরথের রেকর্ডকে সামনে রাখলে অ্যাডভান্টেজ জোকোভিচ। একথা মাথায় রেখেই প্রতিপক্ষকে সমীহ করছেন স্পেনীয় আলকারাজ। জ্যাক ড্রিপারকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর তিনি বলেন, ‘জোকোভিচকে খেলতে দেখলে মনে হয় আবার তরুণ হয়ে উঠেছেন। এটা অবিশ্বাস্য। সত্যি ভালো অবস্থায় রয়েছেন তিনি।'
যদিও এর জন্য বাড়তি কোনও ভীতিকে প্রশ্রয় দিতে নারাজ আলকারাজ। কোয়ার্টার ফাইনালের বড় মঞ্চ, সামনে জোকোভিচ—এই বিষয়গুলি তাঁকে তাঁর স্বাভাবিক খেলা খেলতে বিচ্যুত করবে না বলেই জানিয়েছেন স্পেনের তারকা।