
শেষ আপডেট: 27 September 2022 15:17
দেবীপক্ষ শুরু হয়েছে সদ্য। এর মধ্যে গত সোমবার প্রাথমিকে নিয়োগ (TET Recruitment) নিয়ে দু’টি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। একটি মামলায় ৬৫ জনকে প্রাথমিকে শিক্ষকপদে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁরা ২০১৫ সালে টেট দিয়েছিলেন। প্রশ্নপত্রে ভুল থাকা সত্ত্বেও তাঁদের নম্বর দেওয়া হয়নি। সেজন্য তাঁরা মামলা করেছিলেন। ২০২১ সালে মামলায় তাঁদের জয় হয়। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে, নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। সুতরাং ৬৫ জনকে চাকরি দেওয়া সম্ভব নয়। তাঁরা ফের চাকরির দাবিতে মামলা করেন। বিচারপতি নির্দেশ দিয়েছেন, ২৬ নভেম্বরের মধ্যে তাঁদের চাকরিতে নিয়োগ করতে হবে।

দ্বিতীয় মামলাটিও নিয়োগ সংক্রান্ত বিষয়ে। ২০২০ সালে প্রাথমিকে ১৬ হাজার শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে ৩৯২৯টি পদে এখনও নিয়োগ হয়নি। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা আদালতে আর্জি জানিয়েছিলেন, তাঁদের নিয়োগ করা হোক। বিচারপতি নির্দেশ দিয়েছেন অবিলম্বে ওই পদগুলি পূরণের প্রক্রিয়া শুরু করতে হবে।
হাইকোর্টের নির্দেশে কয়েক হাজার চাকরিপ্রার্থী পুজোর আগে আশার আলো দেখতে পেলেন।
শারদোৎসবকে (Durga Pujo 2022) ঘিরে সকলেরই কিছু আশা-আকাঙ্ক্ষা থাকে। পুজো মানে শুধু আনন্দ করা নয়। সকলেই আশা করে দেবীর আগমনের সঙ্গে সঙ্গে তাদের জীবনেও ভাল কিছু ঘটবে। দেবী দুর্গা সব অমঙ্গল বিনাশ করবেন। অসুর তো সেই অমঙ্গলেরই প্রতীক।
এখন চারপাশে অমঙ্গলের চিহ্নগুলি বড়ই প্রকট। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী পয়লা অক্টোবর বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে নিম্নচাপ। তার জেরে সপ্তমী ও অষ্টমীতে কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পুজোর বাকি দুই দিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
নিম্নচাপের চোখরাঙানির পাশাপাশি আছে ডেঙ্গু। গত কয়েক মাস ধরেই মহানগর ও তার আশপাশে ডেঙ্গু ছড়াচ্ছে। সোমবারও ওই রোগে এক শিশু সহ প্রাণ গিয়েছে দু’জনের।
কোভিড অতিমহামারী এখনও শেষ হয়নি। কোভিডের ধাক্কা সামলে উঠতে পারেনি অর্থনীতিও। এক ডলারের দাম ৮০ টাকা ছাড়িয়েছে। বেকারত্বের হার এখনও যথেষ্ট বেশি। তার ওপরে আছে দুর্নীতি। চাকরি এখন মোটা টাকার বিনিময়ে বিক্রি হয়। সরকারের এমন কোনও দফতর নেই যা দুর্নীতি থেকে মুক্ত। মন্ত্রী, আমলা থেকে শুরু করে ছোট কেরানি বা পাড়ার দোকানদার, দুর্নীতি ছড়িয়েছে সব স্তরেই। একটা শিশুও জানে, এদেশে ঘুষ ছাড়া কোনও কাজ হয় না।
দেশে অর্থাভাবের এক বড় কারণ দুর্নীতি। যদিও এত অভাবের মধ্যেই রাজ্য সরকার ক্লাবগুলোকে পুজোয় অনুদান দিয়েছে। তা নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর।
ক্লাবগুলো টাকা পেলে ক্ষতি নেই। পুজোয় মানুষ আমোদ-আহ্লাদ তো করবেই। কিন্তু সেই সঙ্গে দেবীর কাছে প্রার্থনা করা যাক, দুর্নীতির অসুর যেন বধ হয়। তবেই দেশ এগোবে। গরিবের অন্নসংস্থান হবে।