
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আইভিএফ পদ্ধতিতে জন্ম নিল এক শিশু।
শেষ আপডেট: 10 April 2025 19:07
দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) সঙ্গে প্রেম করতে গিয়ে মানুষের বিকল্প খুঁজতে শুরু করেছিল মানুষ নিজেই। আর কী কী দেখতে হতে পারে, সেটা ভাবতে ভাবতেই এল নতুন খবর। এবার বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফার্টিলাইজেশন (fertilization) ঘটিয়ে আইভিএফ (IVF) পদ্ধতিতে জন্ম নিল এক শিশু।
‘রিপ্রোডাক্টিভ বায়োমেডিসিন অনলাইন’ নামক এক জার্নালে এই পদ্ধতির কথা প্রকাশিত হয়েছে। মেক্সিকোর ‘হোপ আইভিএফ’ সেন্টারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জন্ম নিয়েছে এক পুরুষ শিশু। ৪০ বছর বয়সি এক মহিলা ডোনর এগের সাহায্য নিয়েও বারবার আইভিএফ পদ্ধতিতে ব্যর্থ হওয়ার পর অবশেষে নতুন এই পদ্ধতিতে প্রেগন্যান্ট হতে সক্ষম হন। পাঁচ বার এই পদ্ধতি ব্যবহার করা হলে চার বারই ফার্টিলাইজেশনে সাফল্য এসেছে বলে জানা গেছে।
সাধারণ আইভিএফ-এর সঙ্গে এই নতুন আইভিএফ-এর তফাত কী? পুরনো আইভিএফ-এ ম্যানুয়ালি ইনট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন পদ্ধতি ব্যবহার করা হতো, অর্থাৎ, মহিলার শরীর থেকে বার নেওয়া এগে সরাসরি ইনজেক্ট করা হতো একটি স্পার্ম।
১৯৯০ সাল থেকে আইভিএফ পদ্ধতি ব্যবহার করা হয়ে আসছে। এতদিন প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ এমব্রায়োলজিস্ট শুরু থেকে শেষ পর্যন্ত এই পদ্ধতি নিজে হাতে করতেন। ফলে সেখানে সাফল্যের পথে বেশ কিছু বাধা ও সীমাবদ্ধতা কাজ করত। কিন্তু এখন আইভিএফ-এর সবকটি ধাপই সম্পন্ন করবে এআই বা রিমোট ডিজিটাল কন্ট্রোল।
নতুন এই পদ্ধতি আইভিএফের জগতে নতুন দিগন্তের খোঁজ এনে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।