
শেষ আপডেট: 12 July 2022 11:15
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৯ বছর বয়সে বিধবা (Widow) হয়েছিলেন তিনি। কোলে তখন তিন মাসের কন্যাসন্তান। একপলকে যেন অন্ধকার হয়ে গিয়েছিল গোটা দুনিয়া। স্বামী ছিলেন ভারতীয় বিমানবাহিনীর আধিকারিক শিবরাজ। সৈনিক পরিবারে এমন বিপর্যয় বিরল নয়। কিন্তু কাছের মানুষকে যাঁরা চিরতরে হারান, তাঁদের লড়াইটা একাই লড়তে হয়। এমনটাই হয়েছিল কেরলের (Kerala) সদ্যতরুণী কৃষ্ণার সঙ্গে।
তবে শোকের পাথারে পাথর হয়ে যাওয়া নয়, শোক পার করে উত্তরণের পথ খুঁজেই জীবনকে এগিয়ে নিয়ে গেছেন কৃষ্ণা। মোটরবাইক চালানোর শখকে হাতিয়ার করে একসময় বেরিয়ে পড়েছেন ঘর থেকে। কোচি থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যেই ৯০০০ কিলোমিটার (9000 km Roadbike) পথ পাড়ি দিয়ে ফেলেছেন কৃষ্ণা।

আজ কৃষ্ণার বয়স ৪৩। প্রায় দেড় দশক ধরে প্রতিটা দিন লড়াই করে জীবনে ফিরে আসার চেষ্টা চালিয়ে চলেছেন তিনি। সেই জীবনে ফেরার বার্তাই তিনি পৌঁছে দিতে চান তাঁরই মতো সেনা-বিধবা স্ত্রীদের কাছে। প্রতিরক্ষা বাহিনীর শহিদ আধিকারিকদের পরিবারে পৌঁছে যেতে চান কৃষ্ণা। তাঁর নিজের মনোবল ছড়িয়ে দিতে চান তাঁদের মধ্যেও। শেখাতে চান, যতই মর্মান্তিক বিপর্যয় আসুক না কেন, জীবন যেন থেমে না যায়।

সেদিনের সেই ১৯ বছরের কৃষ্ণা তিন মাসের সন্তানকে কোলে নিয়েই বেঁচে থাকার শপথ নিয়েছিলেন। সবার আগে দাঁতে দাঁত চেপে শেষ করেছিলেন পড়াশোনা। এর পরে কাজ শুরু করেন অল ইন্ডিয়া রেডিওতে। কয়েক বছর পরে রেডিও জকি হন তিনি। বিভিন্ন শহরে যান কাজের সূত্রে। দেশের মোট ২৫টি রেডিও স্টেশনে কাজ করেন তিনি। কাজের পাশাপাশিই চলতে থাকে তাঁর মোটরবাইকিংয়ের শখ।

মোটরবাইকে চড়ে সারা দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। শহিদ সেনাদের স্ত্রীদের অনুপ্রেরণা জোগাতে থাকেন ঘুরে ঘুরে। এ বছরের ১১ এপ্রিল শুরু হয়েছিল যাত্রা। ইতিমধ্যেই দক্ষিণ, মধ্য এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি ঘুরে ফেলেছেন তিনি। পার করে ফেলেছেন ৯০০০ কিলোমিটার রাস্তা। যাত্রা শেষ করে এ মাসেই ঘরে ফিরবেন তিনি।

অকালে প্রিয়জন চলে গেলেও, যাঁরা থেকে গেলেন তাঁরা কেউ একা নন। সেনা শহিদ পরিবারের বধূরা যে নিজেরাই একে অপরের পাশে রয়েছেন, এই আশ্বাস ছড়িয়ে দিতেই এই অনন্য যাত্রায় সওয়ার তিনি।
পাহাড়ের গা বেয়ে উপরে উঠছে ঝর্নার জল! মহারাষ্ট্রে অবিশ্বাস্য সাজ বর্ষার, দেখুন ভিডিও